এসআইয়ের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ব্যবসায়ীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পুলিশ কর্মকর্তা গত সোমবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডুবাইল এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ক্যাশ বাক্স থেকে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এক ব্যবসায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
ওই ব্যবসায়ীর নাম সফিকুল ইসলাম। তাঁর বাড়ি উপজেলার সাদুল্লাহপুর গ্রামে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান আলীর বিরুদ্ধে তিনি এই অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, সফিকুল তাঁর চার বন্ধুকে নিয়ে উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়িক কার্যালয় স্থাপন করে মাটি সরবরাহের ব্যবসা করেন। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই কার্যালয়ে তিনি ও তাঁর ব্যবসায়িক অংশীদারেরা বসে হিসাব-নিকাশ করে সাড়ে তিন লাখ টাকা ক্যাশ বাক্সে রাখেন। পরে সময় কাটানোর জন্য তাঁরা তাস খেলছিলেন। একপর্যায়ে তিনজন কনস্টেবল নিয়ে এসআই হাসান ওই কার্যালয়ে তল্লাশি চালান। কিছু না পেয়ে ক্যাশ বাক্স ভেঙে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেন। আর তাঁদের পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যান। পরদিন ভ্রাম্যমাণ আদালত তাঁদের ১০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেন। কিন্তু ক্যাশ বক্স থেকে ছিনিয়ে নেওয়া টাকা তাঁরা ফেরত পাননি। ওই টাকা চাইতে গেলে তাঁকে বিভিন্ন মামলায় আসামি করার হুমকি দেন এসআই হাসান।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে টাকা ছিনতাই ও মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করে এসআই হাসান প্রথম আলোকে বলেন, ওই পাঁচজন জুয়া খেলছিলেন। এ জন্য তাঁদের আটক করা হয়। পরদিন মঙ্গলবার কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাইফুল কবির ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করে ছেড়ে দেন।
ব্যবসায়ী সফিকুল বলেন, ‘পুলিশের হয়রানির ভয়ে আছি। আমাদের বড় ভাইয়েরা কইতাছেন আগুন নিয়া খেলার দরকার নাই। তাই আমি কালকে (আজ বৃহস্পতিবার) ইউএনও সাহেবের কাছ থেকে অভিযোগ উঠিয়ে ফালামু।’
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে জানতে চাইলে ইউএনও মো. ছানোয়ার হোসেন বলেন, ‘আমি অফিসের কাজে একটু বাইরে আছি। তবে ব্যবসায়ীর অভিযোগের বিষয়টি শুনেছি। অভিযোগটি পড়ে তদন্তের নির্দেশ দেওয়া হবে।’