কুষ্টিয়ার দৌলতপুরে এক কলেজছাত্রকে থানাহাজতে গুলি করার হুমকি দেওয়ার বিষয়ে এক এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া ওই ঘটনা নিয়ে আজ সোমবার দৌলতপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় আলোচনা হয়েছে। সভার সভাপতি ও ইউএনও সংশ্লিষ্ট থানার ওসিকে কয়েকটি নির্দেশনা দিয়েছেন।
দৌলতপুরে এক কলেজছাত্রকে ধরে থানাহাজতে নিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই থানার উপপরিদর্শক (এসআই) জাহিদের বিরুদ্ধে। ওই ছাত্র ও তাঁর বাবা গতকাল রোববার এ অভিযোগ করেছেন। এ ছাড়া জেলার মাসিক আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায়ও গতকাল বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে গুলি করার হুমকির অভিযোগ অস্বীকার করে এসআই জাহিদ বলেছেন, ছেলেটি ভদ্র, তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিলেন তিনি। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ওই কলেজছাত্র মাদক ব্যবসায়ী। ওই কলেজছাত্রের নাম আবদুল্লাহ আল মামুন। তিনি কুষ্টিয়া সরকারি কলেজে পদার্থবিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর বাবা ইসমাইল হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়ন পরিষদের সদস্য। এ নিয়ে সোমবার প্রথম আলোতে, ‘থানাহাজতে কলেজছাত্রকে এসআইয়ের হুমকি: প্রস্তুতি নিন, আপনাকে গুলি করা হবে’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে আজ সন্ধ্যায় দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মোবাইল কোর্ট বিষয়ে আমরা খুবই সতর্ক। আইনশৃঙ্খলার বিষয়ে সতর্ক হতে বলা হয়েছে। ওসিকে বলা হয়েছে, এক দিন আগে ধরে পরের দিন যেন আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির না করা হয়। আরেকটা বিষয়ে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় ভুয়া তথ্য ও অভিযোগ আসে, সেগুলো যাচাই-বাছাই ও খবরের সত্যতা যাচাই করে যেন ধরা হয়।’
বিলগাথুয়া গ্রামে কলেজছাত্রকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া প্রসঙ্গে ইউএনও বলেন, ‘ওই কলেজছাত্রকে যখন ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়েছিল, তখন পুলিশ তাকে জানিয়েছিল যে কিছুক্ষণ আগে তাকে ধরা হয়েছে।’
সোমবার বিকেলে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মাসিক আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা হয়। সভার শুরুতেই সভার এক সদস্য প্রথম আলো পত্রিকায় দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের কলেজছাত্র আবদুল্লাহ আল মামুনকে নিয়ে প্রকাশিত সংবাদের বিষয় তুলে ধরেন।
এ সময় সেখানে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান জানান, ‘আমি যত দূর জানি, মামুন একজন কলেজছাত্র। সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়। তবে তাকে আটকের বিষয়ে সত্যতা যাচাই করে আটক করা উচিত ছিল। কারণ একজন নিরপরাধ কলেজছাত্র বা কেউ আটক হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি সাধারণ মানুষের আস্থা থাকবে না।
সভায় উপস্থিত দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর হোসেন বলেন, ‘স্থানীয় একটি পত্রিকায় মামুনকে নিয়ে সংবাদ পরিবেশিত হলে পুলিশ সুপারের নির্দেশে তাকে আটক করা হয়েছিল। তবে বিষয়টি আমি তদন্ত করে জানার পর তাকে ছাড়া হয়।’
সভার সভাপতি ও ইউএনও সভায় সবার উদ্দেশে বলেন, ‘আমরা জনগণের সেবক। সেবা দিতে গিয়ে যেন নিরীহ কোনো ব্যক্তি বা ছাত্র হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে আন্তরিক ও যত্নবান হতে হবে।
দৌলতপুরের কলেজছাত্রের ঘটনা সম্পর্কে জানতে চাইলে সন্ধ্যায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, যেকোনো অভিযোগ আসলে গুরুত্বসহকারে দেখা হয়। পুলিশ সুপার অবশ্যই এটা (কলেজছাত্রের বিষয়ে) দেখবেন। অচিরেই পুলিশ সুপার কার্যালয় থেকে এটার বিরুদ্ধে বিভাগীয় একটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন...
প্রস্তুতি নিন, আপনাকে গুলি করা হবে