ভাঙচুর ও বিস্ফোরক মামলার তদন্তে গাফিলতির দায়ে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বিভাগীয় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্য মামলার তদন্তের দায়িত্ব থেকে তাঁকে বাদ দিতে বলা হয়েছে। অভিযুক্ত এসআই মোহাম্মদ সোলায়মান চট্টগ্রাম নগরের আকবর শাহ থানায় কর্মরত রয়েছেন।
ভাঙচুর ও বিস্ফোরক মামলার তদন্ত নিয়ে গত ২৩ আগস্ট প্রথম আলোয় ‘অভিযোগের সত্যতা পায়, নাম-ঠিকানা পায় না পুলিশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্ত হয়। তদন্তে আকবর শাহ থানার এসআই মোহাম্মদ সোলায়মানের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। এ জন্য তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করতে গত বুধবার নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনারকে (পশ্চিম) নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসআই সোলায়মানকে মামলার তদন্তকাজ থেকে সরিয়ে রাখতে বলা হয়েছে।
২০১৩ সালের ২৭ নভেম্বর ২০-দলীয় জোটের হরতাল চলাকালে চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকা থেকে কর্নেলহাট পর্যন্ত গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করে। ওই দিন নগরের আকবর শাহ থানার উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম বাদী হয়ে ভাঙচুর ও বিস্ফোরক আইনে ৫১ জনের বিরুদ্ধে মামলা করেন। গত জুন মাসে আকবর শাহ থানার উপপরিদর্শক মোহাম্মদ সোলায়মান আদালতে অভিযোগপত্র জমা দেন। তাতে ১৬ আসামির নাম-ঠিকানা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। এর মধ্যে সাতজনকে ঘটনার পর গ্রেপ্তার করা হয়। পরে কারাগার থেকে তাঁরা জামিন পান। এই সাতজনের বিষয়ে অভিযোগপত্রে বলা হয়, সাক্ষ্য-প্রমাণে সাতজনের বিরুদ্ধে অপরাধ সংঘটনের সত্যতা মিলেছে। কিন্তু পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় মামলা থেকে তাঁদের অব্যাহতির সুপারিশ করা হয়।
মোহাম্মদ সোলায়মান বলেন, ‘তদন্তে কী হয়েছে জানি না। শুনেছি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, নাম-ঠিকানা না পাওয়ার অজুহাতে অভিযোগপত্র থেকে সাত আসামিকে বাদ দেওয়ায় রাষ্ট্রপক্ষ থেকে নারাজি দিয়ে আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে গত রোববার আদালত সাত আসামির বিরুদ্ধে অপরাধ আমলে নেন।