এসআইয়ের বিরুদ্ধে ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) প্রভাব খাটিয়ে নিজ গ্রামের কয়েকজনের জমি দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঈশ্বরগঞ্জ থানায় একাধিক ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা গ্রহণ করেনি। এ ঘটনার প্রতিবাদে এবং ওই এসআইয়ের বিচারের দাবিতে গতকাল শনিবার ময়মনসিংহ শহরের এসে মৃগালী গ্রামের শতাধিক মানুষ মানববন্ধন করেন।
ওই এসআইয়ের নাম শহীদুল্লাহ ওরফে শাহেদ আলী। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে কর্মরত। তাঁর বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার মৃগালী গ্রামে।
এসআই শহীদুল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ‘আমার পরিবারের বিরুদ্ধে চক্রান্ত করে এসব করা হচ্ছে। জমি নিয়ে গ্রামের কয়েকজনের সঙ্গে আদালতে মামলা আছে। মামলা আইনি বিষয়। আমি কারও জমি দখল করে নিইনি।’
গতকাল দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ময়মনসিংহ শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন হয়। এ সময় ভুক্তভোগীরা শহীদুল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেন। তাঁরা বলেন, শহীদুল্লাহ তাঁদের পুলিশের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে জমি দখল করে আসছেন।
মানববন্ধনে অংশ নেওয়া মৃগালী গ্রামের মর্তুজা বেগম অভিযোগ করেন, ১০ বছর আগে তিনি শহীদুল্লাহর সঙ্গে দলিল করে ৬৫ শতক জমি বদল করেছিলেন। বদল করার পর শহীদুল্লাহ তাঁর জমিতে ঘর তোলেন। আর তিনি (মর্তুজা বেগম) শহীদুল্লাহর জমিতে ধান চাষ করেন। পরে শহীদুল্লাহ জোর করে মর্তুজা বেগমের জমি বেদখল করেন। এ ব্যাপারে তিনি গ্রাম্য সালিস বৈঠক করেও বিচার পাননি। আট মাস আগে তিনি ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ মামলা নেয়নি।
শহীদুল্লাহর ছোট ভাইয়ের স্ত্রী আসমা বেগম জানান, শহীদুল্লাহ তাঁর স্বামী আবদুর জব্বারের প্রায় ৬৬ শতক জমি আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও জোর করে দখল করে রেখেছেন। শহীদুল্লাহর কাছে জমি হারানো আরও কমপক্ষে চারজন ব্যক্তি মানববন্ধনে নিজেদের জমি দখল করে নেওয়ার কথা বলেন। তাঁরা শহীদুল্লাহকে আইনের আওতায় এনে বিচার করে তাঁদের জমি উদ্ধার করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, শহীদুল্লাহর বিরুদ্ধে করা তিন থেকে চারটি অভিযোগ তদন্ত করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।