এসআইয়ের বিরুদ্ধে মামলায় প্রভাব খাটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে স্কুলশিক্ষককে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় কোতোয়ালি মডেল থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।
গত ১৩ অক্টোবর রাতে বরিশাল নগরের বিআইপি কলোনির একটি ফ্ল্যাটের জানালা দিয়ে ওই শিক্ষকের ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়। রাতেই তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই শিক্ষকের মা রহিমা বেগম ছয়জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
ওই স্কুলশিক্ষক গত শনিবার অভিযোগ করেন, মামলার প্রধান আসামি মাসুদ আলম তাঁর স্বামী। অন্য আসামিরা মাসুদ আলমের আত্মীয়স্বজন। এর মধ্যে আসামি মো. শহীদুল ইসলাম কোতোয়ালি মডেল থানার এসআই গোলাম কবির খানের মামাতো ভাই।
এ কারণে শহীদুলকে গ্রেপ্তার না করাসহ মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার জন্য প্রভাব বিস্তার করছেন তিনি। তাঁর পরিবারের সদস্যদের তিনি নানাভাবে হয়রানিও করছেন।
এসআই গোলাম কবির বলেন, ‘অ্যাসিড মামলায় প্রভাব বিস্তার করার প্রশ্নই ওঠে না। আর শহীদুল ইসলাম আমার আত্মীয় নয়, তবে একই এলাকা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা।’ তিনি আরও বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এবং মনিটরিং করছেন উপকমিশনার। সেখানে আমার পক্ষে প্রভাব বিস্তার করার অভিযোগ ভিত্তিহীন।’