চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ধর্মপুর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজি) মো. নুরুল আলম। গতকাল শুক্রবার উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তাঁর পরিবারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ দায়ী পুলিশ সদস্যদের বিচার দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল আলম বলেন, তিনি ধর্মপুর ইউনিয়নের স্থায়ী কাজি পদে নিয়োজিত। কিন্তু তৌহিদুল আলম নামের এক ব্যক্তি ২০০০ সাল থেকে নিজেকে অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার দাবি করছেন। এ নিয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। কিন্তু বিষয়টির তদন্ত করতে গিয়ে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম তাঁর কাছে ঘুষ চান। কিন্তু ঘুষ না দেওয়ায় তাঁকে নানাভাবে হয়রানি করতে থাকেন। একপর্যায়ে তাঁকে ফাঁসাতে চাঁদাবাজির মামলার আসামিও করা হয়।
তবে কাজির অভিযোগ ভিত্তিহীন দাবি করে ফটিকছড়ি থানার এসআই শফিকুল ইসলাম বলেন, ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সংবাদ সম্মেলন করা হয়েছে।