এসএমএসে শিক্ষক নিয়োগ প্রশ্নের উত্তর, লালমনিরহাটে ১৫ জনের শাস্তি
আজ শুক্রবার প্রাক-প্রাথমিক স্তরের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে অসদুপায় অবলম্বনের দায়ে লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালত ৮ পরীক্ষার্থীকে এক মাসের এবং এক পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
একই আদালত পরীক্ষা চলাকালে আইন অমান্য করায় ৪ শিক্ষক এবং দুই পরীক্ষার্থীকে ২০০ টাকা করে জরিমানা করেছেন।
এ ছাড়া অসদুপায় অবলম্বন করায় পরীক্ষাকেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তারা ৩৫ জনকে বহিষ্কার করেছেন।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, পরীক্ষা চলাকালে ১১টার পর লুকিয়ে পরীক্ষার হলে নিয়ে আসা মুঠোফোনে এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর আসতে থাকে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত অসদুপায় অবলম্বনকারীদের চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী জরিমানা ও সাজা দিয়েছেন।
লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, লালমনিরহাটে প্রাক-প্রাথমিক স্তরের সহকারী শিক্ষক পদে ১২ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৪৪৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।
ভ্রাম্যমাণ আদালত যে ৯ জনকে সাজা দিয়েছেন তাঁরা হলেন, জেলার হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজ গ্রামের মো. নুরুন্নবী, একই উপজেলার টংভাঙ্গা গ্রামের আবু সাঈদ মো. ফাহিমুল ইসলাম, পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের হাবিবুন নেছা, কালীগঞ্জ উপজেলার বৈরাতি গ্রামের মাসুদা পারভীন, একই উপজেলার মুসরত মদাতি গ্রামের লাইলী খাতুন, আদিতমারী উপজেলার আদিতমারী গ্রামের জগদ্বাত্রী বালা, একই উপজেলার সাপ্টিবাড়ী গ্রামের সালমা আক্তার, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের বিথি রানী রায়, একই উপজেলার কাশিপুর গ্রামের জাহানি আক্তার।
এদের মধ্যে পাটগ্রামের মোহাম্মদপুর গ্রামের হাবিবুন নেছার মাত্র তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর ৮ জনের প্রত্যেকের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। এদের মধ্যে জাহানী আক্তার, লাইলী খাতুন, জগদাত্রী বালার দুই শত টাকা করে জরিমানা করেছেন আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারে আদিতমারী কেবি স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক আবু বক্কর সিদ্দিক ও জাহাঙ্গীর আলম এবং সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক মঞ্জুরুল হক, প্রদর্শক সফিউজ্জামান এবং আদিতমারী জিএস স্কুল অ্যান্ড কলেজের অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মোজাম্মেল হকের মেয়ে মারফিয়া সুলতানা ওরফে সুর্বনাসহ অপর দুই পরীক্ষার্থীর ২০০ টাকা করে জরিমানা হয়েছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাফুজুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রাপ্ত ৯ পরীক্ষার্থীকে লালমনিরহাট জেলা কারাগারে শুক্রবার বিকেলের মধ্যেই প্রেরণ করা হয়েছে।