এসএমসির আদলে তৈরি মোড়কে অনুমোদনহীন স্যালাইন

রাজশাহীতে অনুমোদনহীন কারখানা থেকে তৈরি খাবার স্যালাইন এসএমসির ওরস্যালাইনের মোড়কের আদলে তৈরি মোড়কে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। ওই স্যালাইনের মোড়ক এমনভাবে তৈরি, যা দেখে যে কেউই এসএমসির ওরস্যালাইন বলে ভুল করবেন।
দুই সপ্তাহ আগে ওই স্যালাইন কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন এবং উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন। এরপরও চলছে উৎপাদন। সেখানকার স্যালাইন সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। প্রসঙ্গত, সোশ্যাল মার্কেটিং কোম্পানি বা এসএমসির স্যালাইন মানসম্পন্ন এবং সারা দেশে ব্যবহৃত হয়।
এসএমসির ‘ওরস্যালাইন-এন’-এর সঙ্গে অনুমোদনহীন এই কারখানায় তৈরি স্যালাইনের মোড়কের সূক্ষ্ম পার্থক্য রয়েছে। মোড়কের গায়ে এর নাম দেওয়া হয়েছে ‘ওরালস্যালাইন-এন’। নিচে একইভাবে লেখা হয়েছে ‘খাওয়ার স্যালাইন’। ওরস্যালাইনের মতোই লেখা রয়েছে ‘নতুন ফর্মুলায়’। সামান্য পার্থক্য বাদে মোড়কের অন্যান্য লেখা রং ও বৈশিষ্ট্যও এসএমসির তৈরি ওরস্যালাইনের মতোই।
প্রতিরাতেই রাজশাহী নগরের বিভিন্ন কুরিয়ার সার্ভিসের ট্রাকে করে এই স্যালাইন সারা দেশে পাঠানো হচ্ছে। কয়েক দিন আগে রাতের বেলায় একটি কুরিয়ার সার্ভিসের গাড়িতে কার্টনগুলো ওঠানোর সময় দেখা যায়, কার্টনের গায়ে প্রস্তুতকারকের পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া নেই। শুধু লেখা রয়েছে ‘বিসিক, রাজশাহী, বাংলাদেশ’। কোনো নিবন্ধন নম্বরও দেওয়া নেই। এটি দেখে সন্দেহ হয়। রাজশাহী ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক আনোয়ারুল বাছেদ জানান, বিসিক এলাকায় ওরস্যালাইন কারখানার অনুমোদন নেই। নগরের টিকাপাড়ায় একটি কারখানা অনুমোদন নিয়েছে, কিন্তু উৎপাদনে যায়নি।
গতকাল শনিবার আবারও আনোয়ারুল বাছেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুই সপ্তাহ আগে বিসিক এলাকার স্যালাইনের একটি কারখানায় জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এ ব্যাপারে তথ্য দিতে পারবেন। যোগাযোগ করা হলে আমিনুল ইসলাম বলেন, ‘হিরা ফুড’ নামের একটি কারখানায় খাওয়ার স্যালাইন প্রস্তুত করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁরা কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং উৎপাদন বন্ধের নির্দেশ দেন।
আমিনুল ইসলাম জানান, স্যালাইন উৎপাদন করতে হলে অবশ্যই ওষুধ প্রশাসনের নিবন্ধন লাগবে। তাঁর সঙ্গে কথা বলার পর গতকাল দুপুরে নগরের বিসিক এলাকায় গিয়ে স্যালাইন কারখানার ঠিকানা জানতে চাইলে একবাক্যে সবাই হিরা ফুডের কারখানা দেখিয়ে দেন। তবে কারখানার সামনে কোনো সাইনবোর্ড নেই। ভেতরে এক পাশে প্লাস্টিকের কারখানায় কাজ চলছে। স্যালাইন কোথায় তৈরি হচ্ছে জানতে চাইলে কেউ কথা বলেন না। অপর পাশের বন্ধ দরজার সামনে একটি স্যালাইনের প্যাকেট দেখে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখা যায়, দুটি মেশিনে অনবরত স্যালাইন প্রস্তুত হয়ে বের হচ্ছে। দুজন নারী শ্রমিক প্যাকেটগুলো গামলায় ভরছেন। সেখান থেকে কিছুক্ষণ পরপর একজন শ্রমিক গামলাগুলো বাইরে নিয়ে এসে ঢালছেন। সেখানে অপর একজন শ্রমিক ২০টি করে স্যালাইনের প্যাকেট মোটা কাগজের একটি বাক্সে ভরে টেপ দিয়ে মুখ বন্ধ করছেন।
কারখানার মালিক ফরিদুজ্জামান ও ব্যবস্থাপক আবু তোরাব সেখানে উপস্থিত ছিলেন না। পাওয়া গেল শুধু কেমিস্ট আল আমিনকে। প্রতিদিন কী পরিমাণে স্যালাইন উৎপাদিত হয় জানতে চাইলে আল আমিন বলেন, প্রতিদিন প্রায় ৪০০ বাক্স স্যালাইন উৎপাদন করা সম্ভব হয়।
সেখান থেকে বের হয়ে কারখানার মালিক ফরিদুজ্জামানের মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনি ধরেননি। তবে মুঠোফোনে ব্যবস্থাপক আবু তোরাব বলেন, ‘ওরাই (ম্যাজিস্ট্রেট) এক বছর আগে এসে দেখে বলেছিল, ড্রাগের রেজিস্ট্রেশন লাগবে না। এবার এসে জরিমানা করেছে। তবে কারখানা বন্ধ করতে বলে নাই। যেহেতু ওষুধ প্রশাসনের নিবন্ধন নেই। এই স্যালাইন ওষুধের দোকানে দিতে নিষেধ করেছে।’ তিনি বলেন, তাঁরা এখন মুদির দোকানে স্যালাইন সরবরাহ করছেন। এক বছর আগে কোন ম্যাজিস্ট্রেট এসেছিল—জানতে চাইলে তিনি বলেন, নাম মনে নেই। ব্যবস্থাপকের বক্তব্যের ব্যাপারে পরে আবার ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তারা মিথ্যা কথা বলছে। তাদের উৎপাদন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর মুদির দোকানে বিক্রি করতে বলার তো প্রশ্নই ওঠে না।