এসএসসি পরীক্ষা দিতে পারছে না চার শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কারণে চার শিক্ষার্থী চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার বিকেলে ওই শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুল হক মানবিক বিভাগের শিক্ষার্থী সোহেল রানা, দুলাল হোসেন, শ্যামল রায় ও সুমন ইসলামের কাছ থেকে নবম শ্রেণিতে পড়ার সময় ৩৫০ টাকা করে নিবন্ধন ফি নেন। এরপর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার ফরম পূরণের কথা বলে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ১ হাজার ৮০০ টাকা করে নেন।
এক সপ্তাহ আগে চলতি এসএসসি পরীক্ষার নিবন্ধন কার্ড ও প্রবেশপত্র ওই বিদ্যালয়ের অন্যান্য পরীক্ষার্থীদের দেওয়া হলেও ওই চার পরীক্ষার্থীকে দেওয়া হয়নি। একপর্যায়ে মঙ্গলবার প্রধান শিক্ষক তাদের জানান, চারজনের নিবন্ধন কার্ড ও প্রবেশপত্র বোর্ড থেকে আসেনি। এ কারণে এবারের পরীক্ষায় তারা অংশ নিতে পারবে না।
পরীক্ষার্থী সোহেল রানা অভিযোগ করে বলে, ‘রেজিস্ট্রেশন ও ফরম পূরণের ফি সঠিক সময়ে হেড স্যার আমাদের কাছ থেকে নিয়েছেন। এখন আমরা চারজন পরীক্ষা দিতে পারছি না। এটার বিচার কে করবে?’
জানা গেছে, ওই চার পরীক্ষার্থী ইউএনওর কাছে অভিযোগ দেওয়ার পর মোকছেদুল হক গা ঢাকা দিয়েছেন। তিনি ওই দিন থেকে বিদ্যালয়ে আসছেন না। তাঁর মুঠোফোনটিও বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, ‘কী কারণে ওই চার পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র আসেনি, সেটা প্রধান শিক্ষক বলতে পারবেন। গত সোমবার থেকে তিনি বিদ্যালয়ে আসেননি।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকবর আলী বলেন, অভিযোগ প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল হক বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গেছে, ওই বিদ্যালয় থেকে এবার ২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার ফরম পূরণ করে। এর মধ্যে ১৬ জনের নিবন্ধন কার্ড ও প্রবেশপত্র দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয়ে আসে।