এসএসসি পরীক্ষার্থী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরতলির জগতিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ইমরান হোসেন (১৫) নামের এক কিশোর খুন হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে জগতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ছয়টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ইমরান জগতি গ্রামের রমজান খানের ছেলে এবং কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে ইমরান এলাকার অন্য ছেলেদের সঙ্গে জগতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে ইমরানের সঙ্গে খেলা নিয়ে কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। হাতাহাতির একপর্যায়ে ইমরানের বুকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। সেখানে ইমরানকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। সন্ধ্যা ছয়টায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দীক প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রাখা হয়েছে। পূর্বশত্রুতা, না অন্য কোনো কারণে ইমরানকে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।