এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অপহরণের এ ঘটনায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয়-সাতজনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ওই ছাত্রীর স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মজিবুল হক ভূঁইয়া বলেন, বেলা দেড়টার দিকে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে গণিত পরীক্ষা শেষে ওই শিক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি যাচ্ছিলেন। পথে ভৈরবনগর গ্রামের আক্তার হোসেন শান্তর নেতৃত্বে দুটি মোটরসাইকেলে ছয়জন যুবক অটোরিকশাটির গতিরোধ করেন। এতে তিনি বাঁধা দিলে তাঁরা গুলি করার হুমকি দেন। একপর্যায়ে তাঁরা অস্ত্রের মুখে ওই পরীক্ষার্থীকে জোর করে অন্য একটি অটোরিকশায় তুলে নিয়ে যান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া ছাত্রী অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানান, আক্তার হোসেন শান্তর নাম উল্লেখসহ অজ্ঞাত ছয়-সাতজনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।