এসএসসি পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপ?
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামে জামিয়া খাতুন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর শরীর অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে।
এ ঘটনায় জামিয়ার বাবা আলফাজ উদ্দিন বাদী হয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানায় মামলা করেছেন। মামলায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকাবাড়ির রাজিবুল হক ওরফে রাজিবকে (২১) আসামি করা হয়েছে।
আলফাজ উদ্দিন জানান, তাঁর এইচএসসি পাস করা বড় মেয়ে তাসলিমা বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রায় দুই বছর ধরে বড় মেয়েকে উত্ত্যক্ত করছিলেন রাজিব। ১৪ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে দুই মেয়ে ঘরে বসে পড়ছিল। এ সময় রাজিব জানালা দিয়ে সিরিঞ্জের মাধ্যমে অ্যাসিডজাতীয় পদার্থ নিক্ষেপ করেন। ঠিক এ সময় তাসলিমা সেখান থেকে উঠে গেলে জামিয়ার গলা ও মুখমণ্ডলে তা পড়ে। যন্ত্রণায় ছটফট করলে জামিয়াকে আলমডাঙ্গা (হারদী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা বুধাদীপ্ত দাস জানান, জামিয়ার গলা ও মুখের দুটি স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। পদার্থটি অ্যাসিড ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।