এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম
ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় নাহিদ রানা (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে বখাটেরা। গতকাল শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর বোর্ডঘর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নাহিদ রানা কালিয়াকৈরের তালুক শিমুলতলী এলাকার আমজাদ হোসেনের ছেলে এবং উপজেলার বোর্ডঘর এলাকার বিজয় সরণি উচ্চবিদ্যালয়ের ছাত্র। সে এবারের এসএসসি পরীক্ষার্থী।
এলাকাবাসী, পুলিশ ও বিদ্যালয় সূত্র জানায়, কালিয়াকৈরের সূত্রাপুর বোর্ডঘর এলাকার বিজয় সরণি উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন পাশের কাঞ্চনপুর গ্রামের কয়েকজন তরুণ। এ নিয়ে কয়েক দিন আগে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাহিদ রানাসহ কয়েকজন ছাত্র মিলে ওই তরুণদের বাধা সৃষ্টি করে। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ওই তরুণদের বাগ্বিতণ্ডা হয়। গতকাল শনিবার দুপুরে নাহিদ রানাকে বিদ্যালয়ের পাশে একা পেয়ে আট-নয়জন তরুণ বেদম মারধর করে।