এসএসসি পরীক্ষার্থীসহ তিনজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুর রশীদ
মামুনুর রশীদ

চাঁদপুরের কচুয়ায় গতকাল রোববার এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন বগুড়ার শাজাহানপুরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ও ময়মনসিংহের তারাকান্দায় এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, তিনজনকেই হত্যা করা হয়েছে।
চাঁদপুরে নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম রাব্বী (১৬)। সে এবার কচুয়া রঘুনাথপুর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। বগুড়ায় নিহত ব্যক্তির নাম মামুনুর রশিদ ওরফে মানিক (৩৫)।
তিনি বগুড়া শহরের একটি মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের পরিবেশক প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ছিলেন। ময়মনসিংহে নিহত গৃহবধূর নাম আয়েশা আক্তার (৩০)। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: নিহত রাব্বীর বাড়ি জেলার কচুয়া উপজেলার দেবীপুর গ্রামে। গতকাল সকালে বাড়ির কাছে আলুখেতে স্থানীয় ব্যক্তিরা রাব্বীর লাশ দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। রাব্বীর মা দেলোয়ারা বেগম বলেন, শনিবার রাতে রাব্বী ভাত খাচ্ছিল। তখন কেউ একজন ফোন করে। সঙ্গে সঙ্গে রাব্বী ঘর থেকে বেরিয়ে পড়ে। এরপর সে আর ফেরেনি।
কচুয়া থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে রাব্বীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি বলেন, রাব্বীর চাচাতো বোন লাভলীর সঙ্গে এলাকার হেলাল নামের এক ছেলের সম্পর্ক ছিল। রাব্বী এ সম্পর্কের প্রতিবাদ করেছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বগুড়া: মামুনুর রশিদ শনিবার বেলা আড়াইটার দিকে শাজাহানপুরের দুবলাগাড়ি বাজার থেকে মোটরসাইকেলসহ নিখোঁজ হন। গতকাল সকাল আটটার দিকে বাজারের পাশে দুবলাগাড়ি সেতুসংলগ্ন করতোয়া নদী থেকে পুলিশ তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করে।
পুলিশ বলছে, মামুনুরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিকল্পিতভাবে ডেকে নিয়ে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর লাশ নদীতে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মামুনুরের বাড়ি দুপচাঁচিয়ার তালোড়া পৌর এলাকার বেলঘড়িয়া মহল্লায়।
মামুনুরের প্রতিষ্ঠানের কর্মকর্তা তরফদার নাজমুল আহসান বলেন, তাঁদের প্রতিষ্ঠান ফাস্ট ডিস্ট্রিবিউশনে প্রায় এক যুগ ধরে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন মামুনুর। থানার ওসি আলমগীর হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ: পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তারাকান্দা উপজেলার রামপুর গ্রামের মানিকের সঙ্গে সাত বছর আগে একই গ্রামের আয়েশা আক্তারের বিয়ে হয়।
তবে মানিকের সঙ্গে পাকুরিতলা গ্রামের শিল্পীরও সম্পর্ক ছিল। আয়েশাকে বিয়ের পর এ দম্পতির সন্তান না হওয়ায় মানিক শিল্পীকেও বিয়ে করেন। এরপর আয়েশা তাঁর বাবার বাড়িতে বসবাস করতেন। সম্প্রতি আয়েশার বাবার দেওয়া জমিতে আয়েশার জন্য পৃথক বাড়ি তৈরির উদ্যোগ নেন মানিক।
এ খবর শুনে শিল্পী তাঁর ভাই কাইয়ুমের সহযোগিতায় আয়েশাকে হত্যার পরিকল্পনা করেন। বৃহস্পতিবার শিল্পী মুঠোফোনে আয়েশাকে উপজেলা সদরে ডেকে আনেন। আয়েশা এলে শিল্পী তাঁকে কাইয়ুমের সেখানকার ভাড়া বাড়িতে নিয়ে যান। কাইয়ুম ও তাঁর কয়েকজন বন্ধু আয়েশাকে হত্যা করেন। পরে লাশ বস্তায় ভরে আয়েশার বাবার বাড়ির পাশের একটি বাগানে পুঁতে রাখা হয়।
গতকাল ভোরে পুলিশ মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
তারাকান্দা থানার ওসি মাজহারুল হক বলেন, কাইয়ুমসহ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।