এসএসসি পরীক্ষায় অংশ নিতে ছাড়পত্র জালিয়াতি!
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিতে ছাড়পত্র সনদ (টিসি) জালিয়াতির অভিযোগ উঠেছে নগরের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিরুদ্ধে। বিষয়টি তদন্তে উপপরীক্ষা নিয়ন্ত্রক প্রসেনজিৎ পালকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে বোর্ড। কমিটি ইতিমধ্যে ৬০টি ছাড়পত্র সনদে অসংগতি পেয়েছে। তাদের পরীক্ষার ফরম পূরণ স্থগিত করা হয়েছে।
বোর্ডের কর্মকর্তারা জানান, জালিয়াতির অভিযোগ ওঠা শিক্ষার্থীরা বিদ্যালয়ের নবম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। তাই দশম শ্রেণিতে ভর্তির অনুমতি পায়নি। এরপরই বিদ্যালয় থেকে ‘ছাত্রপত্র সনদ’ নিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি হয়। নতুন ভর্তি হওয়া বিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বোর্ডে আবেদন করে।
বোর্ডের নির্ধারিত ছাড়পত্র আবেদন ফরমে দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকতে হয়। পরে বোর্ডের অনুমতির পর নতুন বিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের নামে ছাড়পত্র সনদ ইস্যু করে পুরোনো বিদ্যালয়। বোর্ড বছরের একটি নির্দিষ্ট সময়ে এ অনুমতি দেয়। অনেক সনদে প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করা হয়েছে। বোর্ডের অনুমতির আগেই ছাড়পত্র সনদ ইস্যু করা হয়েছে।
কমিটির তদন্ত প্রতিবেদনের পর দোষী ব্যক্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে তিনটি পক্ষ এই জালিয়াতির সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। এর একটি হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবক এবং অন্যগুলো হচ্ছে সংশ্লিষ্ট দুটি বিদ্যালয়।
আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে। ২০১৫ সালের এসএসসি পরীক্ষায়ও ছাড়পত্র সনদ জালিয়াতির ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পর ছাড়পত্র নিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফরম পূরণ পদ্ধতি পরিবর্তন করা হয়। আগে অনলাইনে করা হলেও বর্তমানে সনাতন পদ্ধতিতে (ম্যানুয়াল) তাদের ফরম পূরণ করা হচ্ছে। ফরম পূরণের অনুমতি দেওয়ার আগে তাদের সনদ যাচাই করার সময় এই জালিয়াতির ঘটনা ধরে পড়ে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, হালিশহর হাউজিং এস্টেট উচ্চবিদ্যালয়, মহব্বত আলী সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়, গরীবে নেওয়াজ উচ্চবিদ্যালয়, কামাল উদ্দিন উচ্চবিদ্যালয় ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ছাড়পত্র সনদ জালিয়াতি করে অভিযুক্ত শিক্ষার্থীরা অন্য বিদ্যালয়ে ভর্তি হয়েছে। বিদ্যালয়গুলো হচ্ছে বাকলিয়া উচ্চবিদ্যালয়, হাসনাহেনা বালিকা উচ্চবিদ্যালয় ও মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চবিদ্যালয়। ২০১৫ সালের ছাড়পত্র সনদ জালিয়াতির ঘটনায়ও মুহাম্মদ কামাল উদ্দিন উচ্চবিদ্যালয় ও বাকলিয়া উচ্চবিদ্যালয়ের নাম এসেছিল ।
গরীবে নেওয়াজ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর বিদ্যালয়ের ছাড়পত্র সনদ জালিয়াতি করে ১৭ শিক্ষার্থী নগরের বাকলিয়া উচ্চবিদ্যালয় ও হাসনাহেনা উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়েছে। কিন্তু তাদের নামে বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী নেই।
বোর্ডের তদন্ত কমিটির প্রধান প্রসেনজিৎ পাল বলেন, দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য কমিটি কাজ করছে।