রাজবাড়ীর পাংশা উপজেলায় গতকাল রোববার এসএসসি পরীক্ষা চলাকালে মুঠোফোনে নকল সরবরাহের দায়ে এক তরুণের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার জর্জ পাইলট মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই তরুণের নাম ওয়াজেদ আলী মণ্ডল (২৫)। তিনি পাংশার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর চরপাড়া গ্রামের এয়াকুব আলী মণ্ডলের ছেলে।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল এসএসসি পরীক্ষার্থীদের গণিত বিষয়ে পরীক্ষা ছিল। ওয়াজেদ আলী সকাল সাড়ে ১০টার দিকে জর্জ পাইলট মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রের সীমানার মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় কর্তব্যরত পুলিশের এক উপপরিদর্শক (এসআই) তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁর কাছে থাকা মুঠোফোনটি জব্দ করা হয়। তাতে দেখা যায়, গণিত বিষয়ের ‘গ’ সেট প্রশ্ন এবং তার উত্তর লেখা আছে। এরপর জিজ্ঞাসাবাদে ওয়াজেদ আলী স্বীকার করেন, তাঁর এক নিকট আত্মীয় এই কেন্দ্রে পরীক্ষার্থী দিচ্ছে। তাকে সহযোগিতার চেষ্টা করছিলেন।
পাংশার ইউএনও নজরুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ছিলেন। পুলিশ বিষয়টি তাঁকে জানায়। এরপর তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওয়াজেদ আলীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁর ব্যবহৃত মুঠোফোনটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। দুপুরে তাঁকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়।