এসএসসি পাস করে এমবিবিএস চিকিৎসক
পড়াশোনা করেছেন মাত্র মাধ্যমিক শ্রেণি পর্যন্ত। কিন্তু নিজেকে এমবিবিএস পাস দাবি করে দিব্যি চিকিৎসা করছেন মানুষের। খুলে বসেছেন চেম্বার। তা–ও নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ সোমবার বিকেলে র্যাবের হাতে ধরা পড়েন তিনি।
এই ভুয়া চিকিৎসকের নাম আমির ই আজম খান (৫৩)। তিনি কুমিল্লার মুরাদনগর থানার দৌলতপুরের বাসিন্দা।
র্যাব–৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দেওয়ানহাট এলাকায় এক ব্যক্তি লোকজনকে হয়রানি করছেন।
পরে র্যাব অভিযান চালিয়ে আমির ই আজম খানকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ডবলমুরিং থানায় মামলার প্রস্তুতি চলছে।