এসএসসিতে নকল করতে না দেওয়ায় শিক্ষককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল শনিবার এসএসসি পরীক্ষায় নকলের সুযোগ না দেওয়ায় শাহাদাত হোসেন নামের এক শিক্ষককে মারধর করা হয়েছে।
শাহাদাত হোসেন বরগুনা সদরের বুড়িরচর মাধ্যমিক বিদ্যালয়ের হিসাববিজ্ঞানের শিক্ষক। তিনি বলেন, গতকাল সাধারণ বিজ্ঞান পরীক্ষা চলাকালে তিনি ওই বিদ্যালয়ের ৬ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর মো. শাহিন ও ইসরাত জাহান নামের দুই পরীক্ষার্থীর অভিভাবকেরা কক্ষে ঢোকেন। এরপর নকল সরবরাহের জন্য প্রশ্নপত্র বাইরে নিয়ে যেতে চান। এতে বাধা দিলে তাঁরা ক্ষিপ্ত হন এবং পরীক্ষা শেষে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান।
শিক্ষক শাহাদাত হোসেন জানান, পরীক্ষা শেষ হলে তিনি পরীক্ষার্থীদের উত্তরপত্র গোছানোর কাজ করছিলেন। একপর্যায়ে শাহিন ও ইসরাতের দুলাভাই মো. রুবেল এসে তাঁকে (শিক্ষক) এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। অন্য পরীক্ষার্থীরা এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান।
শাহিন মারধরের কথা অস্বীকার করে বলেছে, ইসরাতের ভগ্নিপতি রুবেল এ ঘটনা ঘটিয়েছেন।
কেন্দ্রসচিব মো. নাসির উদ্দিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।