এসএসসির উত্তরপত্র ঘষামাজা, সাত শিক্ষক আজীবন নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসির উত্তরপত্র ঘষামাজা করায় লালমনিরহাটের একটি কেন্দ্রে দায়িত্বপালনকারী সাত শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। সিথি কিবরিয়া নামের এক ছাত্রীর আবেদনের ভিত্তিতে তদন্ত করে ওই জালিয়াতির প্রমাণ মেলে।
সংশোধিত ফলাফলে ওই ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। গত মঙ্গলবার দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এই সংশোধিত ফলাফল প্রকাশ করেছে।
তদন্তে সিথি কিবরিয়ার এসএসসি পরীক্ষার চারটি বিষয়ে ওএমআর ফরম জালিয়াতির প্রমাণ মিলেছে। এ পরিস্থিতিতে ওই বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
পরীক্ষার দায়িত্বে আজীবন নিষিদ্ধ শিক্ষকেরা হলেন: হাতিবান্ধা আর্দশ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, হামিদুল ইসলাম, আবদুস সোবাহান ও মেরাজুস সালেকিন মিল্লাত, শাহ্ গরিবুল্লাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র অধিকারী এবং লোকমান হোসেন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান।
এ ব্যাপারে দিনাজপুর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক ও তদন্ত কমিটির সদস্যসচিব খ ম রফিকুল ইসলাম এবং দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ও তদন্ত কমিটির সদস্য রাকিবুল ইসলাম বলেন, সিথি কিবরিয়ার এসএসসি পরীক্ষার চারটি বিষয়ের ওএমআর ফরম জালিয়াতির বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে। এ জন্য দায়ী সাত শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ওই পরীক্ষাকেন্দ্রটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত এবং সিথি কিবরিয়ার সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে।
সিথি কিবরিয়ার বাবা আলী আখতার গোলাম কিবরিয়া বলেন, ‘আমার মেয়ে বরাবরই পরীক্ষায় ক্লাসের প্রথম হয়েছে। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পেয়েছে। পূর্বশত্রুতা ও পারিবারিক দ্বন্দ্বের কারণে হাতিবান্ধা আর্দশ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিনসহ কয়েকজন আমার মেয়ের এসএসসি পরীক্ষার চারটি বিষয়ের ওএমআর ফরম জালিয়াতি করেন। চার মাস তদন্তের পর আমার মেয়ে উপযুক্ত ফল পেয়েছে। কিন্তু ইতিমধ্যে মেয়ের একটা ক্ষতি হয়ে গেছে। আগে ভালো ফল না পাওয়ায় সে উপজেলার আলিমুদ্দীন ডিগ্রি কলেজে মানবিক বিভাগে এইচএসসিতে ভর্তি হয়েছে। এখন বিজ্ঞান বিভাগে পড়তে পারবে কি না, বোর্ডে জানতে হবে।’
শিক্ষা বোর্ড ও সিথির পরিবার সূত্র জানায়, গত ১৭ মে প্রকাশিত এসএসসির ফলাফলে সিথি কিবরিয়া জিপিএ-৪.৮৮ পেলে তার পরিবার দিনাজপুর শিক্ষা বোর্ডে আপত্তি করে। ১৫ জুন পুনর্নিরীক্ষার ফল প্রকাশিত হয়। কিন্তু সিথির ফল অপরিবর্তিত থাকে। পরিবারের পক্ষ থেকে ১৭ জুন আবার নিরীক্ষার আবেদন করা হয়। এরপর রাজশাহী শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শফিকুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ৯ জুলাই তদন্ত কমিটির সদস্যরা হাতীবান্ধা আদর্শ উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে তদন্তে আসেন। তদন্ত কমিটি ৩ আগস্ট কেন্দ্রসচিব ও সহকারী কেন্দ্রসচিবকে চিঠি দেয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সিথি কিবরিয়ার বাংলা দ্বিতীয় পত্র, পদার্থ, রসায়ন ও সামাজিক বিজ্ঞান বিষয়ের নৈর্ব্যক্তিকের উত্তরপত্র (ওএমআর) পরীক্ষা কেন্দ্র থেকে পরিবর্তন করা হয়। বিকৃত ওএমআর ফরম কম্পিউটার সেলে পাঠনো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। ওই চারটি বিষয়ের ওএমআর ফরমে পরীক্ষার্থীর হাতের লেখা এবং সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকের সইয়ের কোনো মিল নেই।
এর আগে ১৫ সেপ্টেম্বর দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ হাতিবান্ধা আদর্শ উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ২০১৩ ও ২০১৪ সালে জেএসসি ও এসএসসি পরীক্ষা সুষ্ঠু না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরীক্ষাকেন্দ্রটি স্থগিত করে।
তদন্ত শেষে ২২ সেপ্টেম্বর কমিটি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দাখিল করে। ২৮ সেপ্টেম্বর বোর্ড কর্তৃপক্ষ জরুরি সভায় বসে। সভায় সিথি কিবরিয়ার সংশোধিত ফলাফল প্রকাশ এবং অভিযুক্ত সাত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।