এসএসসির প্রবেশপত্র দিয়ে টাকা আদায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কয়েকটি বিদ্যালয় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের কাছে থেকে ৪০০ থেকে ৭০০ টাকা করে নেওয়া হচ্ছে।
গত বৃহস্পতিবার থেকে প্রবেশপত্র বিতরণ শুরু করছে বিদ্যালয়গুলো। শাহ রাহাত আলী উচ্চবিদ্যালয়ের কয়েকজন পরীক্ষার্থী জানায়, পরীক্ষার ফরম পূরণের সময় তারা সাড়ে ৩ হাজার টাকা দিয়েছে। এখন প্রবেশপত্র নিতে এসে আরও ৭০০ টাকা দিতে হচ্ছে। টাকা না দিয়ে কেউ প্রবেশপত্র পায়নি। তাদের বিদ্যালয় থেকে এ বছর ৩০০ জন পরীক্ষা দিচ্ছে।
শাহ রাহাত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম বলেন, প্রবেশপত্র দিয়ে ২০০-৪০০ করে টাকা নেওয়া হচ্ছে। আবার অনেককে টাকা ছাড়াও দেওয়া হচ্ছে। কেন্দ্রের খরচ আছে বলে এ টাকা নেওয়া হচ্ছে।
রূপসদী বৃন্দাবন উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁর এক ভাগনে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তার প্রবেশপত্র নিতে ৫০০ টাকা দিতে হয়েছে।
এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমাদ্দারের মুঠোফোনে ফোন করা হলেও প্রথমে তিনি ধরেননি। পরে তা বন্ধ পাওয়া যায়।
এ ছাড়া, বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ে ৪০০ টাকা ও মরিচাকান্দি ডিটি একাডেমিতে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ বলেন, প্রবেশপত্র দিয়ে টাকা নেওয়ার কোনো বিধান নেই। কেউ নিয়ে থাকলে তা অবৈধ। মনে হচ্ছে, প্রবেশপত্র দিয়ে অধিকাংশ বিদ্যালয়ই কমবেশি টাকা নিচ্ছে পরীক্ষার্থীদের কাছ থেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান বলেন, এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র দিয়ে টাকা নেওয়ার বিষয়টি তিনি জানেন না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।