পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির ফরম পূরণ করতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার বিভিন্ন বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের এক হাজার ৩০৫ টাকা এবং মানবিক শাখার শিক্ষার্থীদের এক হাজার ২১৫ টাকা ফি ধার্য করেছে। কিন্তু রাঙ্গাবালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা।
উপজেলার গহীনখালি গ্রামের আলমগীর নাগর বলেন, তাঁর মেয়ে এ বছর ফরম পূরণ করেছে। এ জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ফরম পূরণ বাবদ তাঁর কাছ থেকে পাঁচ হাজার ৫০০ টাকা নিয়েছে।
রাঙ্গাবালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক বলেন, ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ঠিক নয়। এসএসসির ফরম পূরণ ও কোচিং ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে তিন হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া যদি কারও কাছে বকেয়া পাওনা থাকে, তবে তাও নেওয়া হচ্ছে।
উপজেলার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’