এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা আদর্শ উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটি সূত্র জানায়, উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা আদর্শ উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ এসএসসি পরীক্ষার ফরম পূরণ করার জন্য বোর্ড নির্ধারিত ফির চেয়ে অনেক বেশি পরিমাণ টাকা আদায় করছে। প্রতি বিষয়ের (মোট বিষয় ১২টি) জন্য ৬৫ টাকা হিসাবে পরীক্ষার ফিসহ মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য এক হাজার ৩৫৫ টাকা এবং বিজ্ঞান শাখার জন্য এক হাজার ৩৮৫ টাকা নেওয়ার কথা। কিন্তু ওই বিদ্যালয় কর্তৃপক্ষ তিন হাজার ৫০০ থেকে চার হাজার টাকা পর্যন্ত আদায় করছে।
অভিভাবক ইঞ্জিল হোসেন, ফকরুল ইসলাম ও মানিক মিয়া বলেন, নিয়ম ভেঙে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। বিষয়টি কয়েক দিন আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যান বরাবর জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোকুল চন্দ্র বলেন, উপজেলার অন্য বিদ্যালয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই ফরম পূরণের টাকা নেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, নির্ধারিত টাকার চেয়ে অনেক কমে শিক্ষার্থীদের ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘আমার পরামর্শ উপেক্ষা করে প্রধান শিক্ষক ফরম পূরণে বেশি টাকা আদায় করছেন। তদন্ত কমিটিকেও বিষয়টি জানানো হয়েছে।’
এবার এ বিদ্যালয় থেকে ৬৬ জন নতুন পরীক্ষার্থীসহ ৭৯ জন এসএসসি পরীক্ষার ফরম পূরণ করছে।