এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
বগুড়ার শেরপুর উপজেলার কল্যাণী উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার স্কুল চত্বরে শ্রেণিকক্ষের সামনে বিক্ষোভ করে এসএসসি পরীক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী ও কল্যাণী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সূত্রে জানা গেছে, ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বেলা ১১টার দিকে এসএসসি পরীক্ষার্থীরা বিদ্যালয়ের চত্বরে এসে জড়ো হয়। পরে তারা শ্রেণিকক্ষের সামনে বিক্ষোভ করে ও দাঁড়িয়ে অবস্থান নেয়।
বিক্ষোভে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এসএসসির এক শিক্ষার্থী জানায়, জোর করে তাদের কাছ থেকে তিন হাজার টাকা আদায় করা হচ্ছে। শিক্ষকদের টাকা কমানোর জন্য অনুরোধ করেও কোনো লাভ হচ্ছে না। এ জন্য সব শিক্ষার্থী মিলে এ বিক্ষোভ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী জানায়, শিক্ষা বোর্ডের ফি কত টাকা, শিক্ষকেরা তাও তাদের জানায়নি। শুধু শিক্ষকেরা জানিয়েছেন, তিন হাজার টাকা করে প্রত্যেক শিক্ষার্থীকে ব্যাংকে জমা দিতে হবে। একই অভিযোগ করে আরও কয়েকজন শিক্ষার্থী।
কল্যাণী গ্রামের আমিনুল ইসলাম জানান, গ্রামের বেশির ভাগ শিক্ষার্থীর অভিভাবক নিম্ন আয়ের মানুষ। এত টাকা জমা দেওয়া নিয়ে বেশির ভাগ অভিভাবকের সমস্যার মুখে পড়তে হচ্ছে।
ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইস্রাইল হোসেন বিশ্বাস জানান, শিক্ষা বোর্ড এসএসসির ফরম পূরণের জন্য কত টাকা নির্ধারণ করেছে, তা তিনি জানেন না। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সঙ্গে আলোচনা করে এসএসসির ফরম পূরণের জন্য শিক্ষার্থীপ্রতি দুই হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছেন।
প্রধান শিক্ষক সুদেব কুমার পাল জানান, এবার তাঁর বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ২৩ জন ও মানবিক বিভাগে ২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। তবে তিনি দাবি করেন, প্রত্যেক শিক্ষার্থীর কাছে থেকে দুই হাজার ৫০০ টাকার বেশি নেওয়া হচ্ছে না। এই টাকা গ্রহণের সিদ্ধান্ত দিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান জানান, ওই বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তিনি পেয়েছেন। এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।