এসএসসির ফরম পূরণে দ্বিগুণ অর্থ আদায়
উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে পটুয়াখালীর বাউফল উপজেলার অধিকাংশ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে দ্বিগুণের বেশি টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় উপজেলার ৬০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবে। বোর্ড তাদের ফরম পূরণের জন্য (কেন্দ্র ফিসহ) বিজ্ঞান বিভাগে ১ হাজার ৪৪৫ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ১ হাজার ৩৫৫ টাকা ফি নির্ধারণ করে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশ রয়েছে এসএসসি পরীক্ষায় ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনোভাবেই কোচিং কিংবা অন্য কোনো অজুহাতে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। ১২ নভেম্বর ফরম পূরণ শুরু হয়েছে।
উপজেলার কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়, কালাইয়া হায়াতুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়, নওমালা মাধ্যমিক বিদ্যালয় ও বগা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার অধিকাংশ বিদ্যালয়ের একই রকম চিত্র। তবে উল্লেখিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
স্থানীয় হানিফ উল্লাহ্ ফাউন্ডেশনের পরিচালক নাজমুন নাহার অভিযোগ করেন, হাইকোর্ট ও বরিশাল শিক্ষা বোর্ডের নির্দেশ উপেক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৩ হাজার ৬০০ টাকা, যা দ্বিগুণেরও বেশি। আর এ ফি নির্ধারণ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতির বাউফল উপজেলা শাখা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতির বাউফল উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, ‘বোর্ড নির্ধারিত ফি, বিদ্যালয়ের বেতন ও অন্যান্য বকেয়া বাবদ বিজ্ঞান বিভাগে ৩ হাজার ৬০০ ও মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের চেয়ে ১০০ টাকা কম।’
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক বলেন, বোর্ড কর্তৃক নির্ধারিত ফি ছাড়া ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।