এসএসসির ফরম পূরণে বাড়তি অর্থ নেওয়ার অভিযোগের তদন্ত হবে
এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের যেসব অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করবে জেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল জলিল ও সহকারী কমিশনার (শিক্ষা) ফোরকান এলাহী অনুপম উপস্থিত ছিলেন। এ ছাড়া নগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিল জানান, নগরের ২৮টি বিদ্যালয়ের বিরুদ্ধে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে এসব অভিযোগ এসেছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।
সভায় উপস্থিত শিক্ষক প্রতিনিধিদের উদ্দেশে আবদুল জলিল বলেন, ফরম পূরণে কোনো বাড়তি ফি আদায় করা যাবে না।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, এসএসসি পরীক্ষার ফরম পূরণে বিভাগভেদে দেড় হাজার থেকে ১ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ফরম পূরণের নির্ধারিত সময় গত সোমবার শেষ হয়েছে। তবে বিলম্ব ফি দিয়ে আগামী রোববার পর্যন্ত ফরম পূরণ করা যাবে।
বাড়তি ফি নেওয়ার অভিযোগ ওঠা ২৮টি বিদ্যালয়ের মধ্যে গতকাল দুটি বিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর মধ্যে সেন্ট স্কলাস্টিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তবে বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া বন গবেষণাগার উচ্চবিদ্যালয়ের বিরুদ্ধে মডেল টেস্টের নামে এক হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সভায় বিষয়টি জানতে চাইলে বিদ্যালয়ের প্রতিনিধি জানান, অভিভাবকদের অনুরোধে মডেল টেস্ট নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরের একটি ও চন্দনাইশ উপজেলার একটি বিদ্যালয়ের বিরুদ্ধে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ জমা পড়েছে। বিদ্যালয়গুলোকে বাড়তি ফি আদায়ের ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।