এসএসসির ফরম পূরণে বেশি টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
ধরমপাশা উপজেলার কয়েকটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বোর্ডের নির্দেশনা অনুযায়ী ফরম পূরণের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৭৭০ টাকা, বিজ্ঞান বিভাগে ১ হাজার ৮৬০ টাকা করে নেওয়ার কথা। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য আরও ১০০ টাকা অতিরিক্ত দিতে হয়। কিন্তু উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং ফিসহ নানা অজুহাতে সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা থেকে কোথাও কোথাও ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
কয়েকজন এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অভিযোগ করেন, উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলে বোর্ডের নির্ধারিত ফির বাইরে কোচিং ফি ১ হাজার টাকা, বিদ্যালয়ের উন্নয়ন ও মিলাদ ফি ২০০ টাকা, গাছতলা উচ্চবিদ্যালয়ে কোচিং ফি ১ হাজার ২০০, উন্নয়ন ফিসহ আনুষঙ্গিক খরচ ৫০০ টাকা নেওয়া হয়েছে। গোলকপুর হাজি আবদুল হাফেজ স্কুল অ্যান্ড কলেজে মানবিক ২ হাজার ৯৭০ টাকা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৩ হাজার ৭০ টাকা নেওয়া হচ্ছে।
গাছতলা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিতা বালা তালুকদার বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ীই কোচিং ফি, বিদ্যালয়ের উন্নয়নসহ বিভিন্ন খাতে টাকা নেওয়া হয়েছে।
বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক বজলুর রহমান বলেন, ‘সবকিছু ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক করেছি।’
গোলকপুর হাজি আবদুল হাফেজ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম বলেন, ‘নিয়ম অনুযায়ী ফরম পূরণের টাকা রাখা হচ্ছে।’
সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও এসএসসি পরীক্ষার্থীদের সূত্রে জানা যায়, উপজেলায় ৪০টি উচ্চবিদ্যালয় রয়েছে। এর মধ্যে অধিকাংশ এসএসসির ফরম পূরণের জন্য ৩ হাজার থেকে ৭ হাজার টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। রসিদের মাধ্যমে ফরম পূরণের টাকা নেওয়ার কথা থাকলেও কোনো বিদ্যালয় সে নির্দেশ মানেনি।
ভাটারা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মানবিক শাখার দুই এসএসসি পরীক্ষার্থী বলে, ‘আমাদের কাছ থেকে ফরম পূরণের জন্য ৩ হাজার ৭০০ টাকা করে আদায় করা হয়েছে।’ একই বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার এক পরীক্ষার্থী বলে, সে ৩ হাজার ৮০০ টাকা দিয়ে ফরম পূরণ করেছে।
ভাটারা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ৫ থেকে ৭ হাজার টাকা নিয়েছি।’
ভাটারা উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বোরহান উদ্দিন বলেন, এসএসসির ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা না নেওয়ার জন্য প্রধান শিক্ষককে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হলে বিদ্যালয়গুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।