এসএসসির ফল পরিবর্তনের প্রলোভনের অভিযোগে তরুণ আটক

এসএসসি পরীক্ষার ফল পরিবর্তন করে দেওয়ার প্রলোভন দেখানোর অভিযোগে মো. রানা আহম্মেদ (১৮) নামের এক তরুণকে আটক করেছেন র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। গতকাল সোমবার রাতে তাঁকে নাটোরের গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া এলাকা থেকে আটক করা হয়। রানা একই গ্রামের মেহের আলীর ছেলে।
র্যাব নাটোর ক্যাম্পের মেজর শিবলী মোস্তফা জানান, মো. রানা আহম্মেদ এবারের কয়েকজন এসএসসি পরীক্ষার্থীকে তাদের ফলাফল পরিবর্তন করে দেওয়ার প্রলোভন দিয়ে আসছিলেন। তিনি ওই ছাত্রদের কাছ থেকে প্রলোভন দেখিয়ে বিকাশে টাকা গ্রহণ করেছেন। এ তথ্য পেয়ে র্যাব তাঁকে অনুসরণ করে। একপর্যায়ে গতকাল সন্ধ্যায় তাঁকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে তাঁকে গুরুদাসপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড় জামবাড়িয়া গ্রাম প্রশ্নপত্র ফাঁস, এসএসসি ও এইচএসসির ফল পরিবর্তন করার প্রলোভন দেখানোয় দশম শ্রেণির এক ছাত্রকে আটক করে র্যাব-৫। আটক ওই ছাত্র উপজেলার সবজা পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ বলেন, অনলাইনের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষার ফলাফলে পরিবর্তনের প্রলোভন দেখিয়ে অনেকের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই ছাত্রকে আটক করা হয়। তার কাছে থাকা স্মার্ট মোবাইল ফোন জব্দের পর তা যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করেছে।