মুন্সিগঞ্জ থেকে প্রত্যাহার হওয়া আলোচিত পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল সোমবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক বজলুর রহমান এই আদেশ দেন।
এসপি হাবিবুরের স্ত্রী হালিমা বেগমের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়। ১০ লাখ টাকা যৌতুকের জন্য নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে গত ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে তিনি মামলাটি করেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন এসপি হাবিবুরের বাবা ইব্রাহিম হাওলাদার, বড় ভাই আবু হানিফ, ভগ্নিপতি আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম ও বোন আমেনা বেগম।
আদালত সূত্র জানায়, মামলাটি তদন্তের জন্য বরগুনা সদর উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নোমান মইনুদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ৫ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে তিনি আদালতে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের বিরুদ্ধে হালিমা গতকাল আদালতে নারাজি আবেদন করলে বিচারক তা আমলে নিয়ে ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার আরজিতে হালিমার অভিযোগ, চাকরিতে যোগদানের সময় তাঁর বাবার কাছ থেকে ৩ লাখ টাকা যৌতুক নিয়েছিলেন হাবিবুর। এ ছাড়া বিভিন্ন সময় টাকার জন্য তাঁকে নির্যাতন করা হতো। সর্বশেষ মুন্সিগঞ্জ পুলিশ সুপারের পদ থেকে প্রত্যাহার হওয়ার পর চাকরিতে পুনর্বহালের জন্য ৩০ লাখ টাকা দরকার বলে হাবিবুর জানান। এর মধ্যে ১০ লাখ টাকা যৌতুক হিসেবে তাঁর (হালিমা) বাবার বাড়ি থেকে এনে দেওয়ার জন্য চাপ দেন। এর জেরে গত ১১ জুলাই হালিমার বাবা শামসুল হক মেয়ের বাড়িতে যান। সে সময় হাবিবুর শ্বশুরের কাছে সরাসরি ১০ লাখ টাকা দাবি করেন। কিন্তু তিনি তাতে অপারগতা প্রকাশ করলে হাবিবুর তাঁর শ্বশুরের সামনেই স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে স্ত্রীকে ঘর থেকে বেরও করে দেন।
২০০০ সালে হালিমা ও হাবিবুরের বিয়ে হয়। হাবিবুরের বাড়ি বরগুনার তালতলী উপজেলার ছোট বগী গ্রামে। আর হালিমার বাড়ি পাশের উপজেলা আমতলীতে।
হাবিবুর মুন্সিগঞ্জ পুলিশ সুপারের (এসপি) দায়িত্বে ছিলেন। গত এপ্রিলে তাঁকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়। সরকারি আদেশ না মানা ও অসদাচরণের অভিযোগে এর আগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়।
গত বছরের ২৪ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীর মামলা, “ঘুষ” দিতে যৌতুক দাবি!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এসপি হাবিবুর বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত আছেন।