এ্যানির বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দুদকের
অবৈধ সম্পদ অর্জনের মামলায় লক্ষ্মীপুরের সাবেক সাংসদ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের উপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
অভিযোগপত্রে বলা হয়েছে, শহীদ উদ্দিন চৌধুরী দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে তদন্তে পাওয়া গেছে। এ ছাড়াও তদন্তে এক কোটি ২২ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে। মামলার তদন্ত করেন দুদকের উপরিচালক মাহবুবুল আলম।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শহীদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দুদকের উপপরিচালক মো. মঞ্জুর মোর্শেদ গত বছরের ৯ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করেন। সেখানে তাঁর বিরুদ্ধে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন এবং এক কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তবে তদন্ত শেষে ১৮ লাখ টাকার সম্পদ কম পাওয়া গেছে।
দুদক সূত্র জানিয়েছে, শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
মন্ত্রী-সাংসদদের হলফনামায় দেওয়া বিপুল পরিমাণ সম্পদের বিবরণী প্রকাশ পাওয়ার পর গত বছরের শুরুতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, ঢাকার সাংসদ আসলামুল হক, রাজশাহীর সাংসদ এনামুল হক, কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদি ও শহীদউদ্দিন চৌধুরীর সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এঁদের মধ্যে আ ফ ম রুহুল হক, আসলামুল হক ও এনামুল হককে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুদক। আব্দুল মান্নান খান, মাহবুবুর রহমান ও আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলা হয়েছে।