ওঁরাও সম্প্রদায়ের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোলাই মদ খাওয়া নিয়ে বিরোধের জেরে নওগাঁর বদলগাছিতে পমা তর্কি (৫৫) নামের ওঁরাও সম্প্রদায়ের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্ষুদ্র জাতিসত্তার পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে উপজেলার লক্ষ্মীকোল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অধীর পাহান, অনিল পাহান, পরিমল পাহান, শিরিস পাহান ও কালীচরণ পাহান। পুলিশ এ ঘটনায় পমা তর্কির ছেলে বিকাশ তর্কি বাদী হয়ে গতকাল হত্যা মামলা করেছেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আটক পাঁচ ব্যক্তি পমা তর্কির বাড়িতে মদ পান করতে যান। মদ পান করা নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে পমা তর্কিকে কৌশলে বাড়ি থেকে ডেকে এনে পিটিয়ে হত্যা করে বাড়ির অদূরে সরিষাখেতে লাশ ফেলে রাখা হয়। পুলিশ গভীর রাতে লাশ উদ্ধার করে।