ওজন না করেই টোল আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদরঘাট লঞ্চ টার্মিনালে মালামাল পরিবহনে সরকার-নির্ধারিত টোলের তিন গুণ বেশি টাকা আদায় করা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকা নদীবন্দরের কিছু কর্মচারী এটা করছেন। কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না বন্দর কর্তৃপক্ষ।

যাত্রীদের অভিযোগ, মালামাল ওজন না দিয়েই টোল নির্ধারণ করেন ঢাকা নদীবন্দরের কর্মচারীরা। এ নিয়ে যাত্রীদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। এতে হয়রানির শিকার হন যাত্রীরা।

জানতে চাইলে বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী বলেন, ‘আগে একজন ইজারাদার এই টোল আদায় করতেন। ওই সময় অনেক অভিযোগ ছিল। কিন্তু চার মাস ধরে আমাদের লোকজন টোল আদায় করেন। আজ পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অনিয়মের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, সদরঘাট লঞ্চ টার্মিনালে মালামাল নিয়ে প্রবেশপথসহ বিভিন্ন স্থানে পণ্য পরিবহনে টোলের তালিকা টাঙিয়ে রাখা হয়েছে। যাত্রীদের সচেতন করতে আরও তালিকা লাগানো হবে। কারও অভিযোগ থাকলে সরাসরি তথ্যকেন্দ্রে জানাতে পারেন।

বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ জানায়, সদরঘাট টার্মিনালে পণ্য পরিবহনে এক কুইন্টাল পর্যন্ত (এক কুইন্টাল সমান ১০০ কেজি) ১০ টাকা টোল নির্ধারণ করেছে সরকার। এ ছাড়া বিভিন্ন পণ্য অনুযায়ী প্রতি টনের টোল নির্ধারণ করা রয়েছে ১৫ থেকে ৬০ টাকা পর্যন্ত। সদরঘাটে যাত্রীদের প্রবেশের জন্য ভিআইপি, ২ ও ৩ নম্বর ফটক দিয়ে নিজে অথবা বিআইডব্লিউটিএর কুলি দিয়ে মালামাল বহন করতে পারেন যাত্রীরা। সে ক্ষেত্রে কুলিকে নির্ধারিত হারে মজুরি দিতে হয়। ‘বাণিজ্যিক পণ্য’ পরিবহনের জন্য নির্ধারিত রয়েছে ৪ নম্বর ও পার্কিং ফটক।

গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ৪ নম্বর ফটকে চেয়ার-টেবিল নিয়ে বসে আছেন ঢাকা নদীবন্দরের দুজন কর্মচারী। তাঁদের কাছ থেকে টিকিট সংগ্রহ করে বিভিন্ন ধরনের মালামাল নিয়ে ঘাটে যাচ্ছেন যাত্রী ও কুলিরা, কিন্তু মালামাল ওজন করা হচ্ছে না। টোলের টাকা নির্ধারণ নিয়ে কয়েকজন যাত্রীকে ঢাকা নদীবন্দরের কর্মচারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা করতে দেখা গেছে।

বেলা দুইটার দিকে চার বাক্স আপেল নিয়ে ৪ নম্বর ঘাটে ঢোকেন চাঁদপুরের জাকারিয়া মিয়া। তাঁর কাছে ১০০ টাকা টোল দাবি করেন নদীবন্দরের কর্মচারীরা। এ নিয়ে তাঁদের মধ্যে বিতণ্ডা হয়। পরে ৮০ টাকা দিয়ে ছাড়া পান তিনি। এ সময় তাঁকে একটি রসিদও দেওয়া হয়। কিন্তু মালামালের ওজন কত কেজি, তা রসিদে উল্লেখ নেই। তালিকা অনুযায়ী টোল নিলে এ ক্ষেত্রে ১০ টাকা নিতে হতো। কারণ ১০০ কেজি পর্যন্ত নির্ধারিত টোল ১০ টাকা।

জাকারিয়া বলেন, মাসে গড়ে দুবার বাদামতলী থেকে ফল নিয়ে চাঁদপুরে বিক্রি করেন। প্রতিবারই এই টোলের টাকা নিয়ে তাঁদের সঙ্গে বিতণ্ডা হয়। তবে আগের ইজারাদারের চেয়ে এখন টোল কিছুটা কম নেওয়া হচ্ছে বলে জানান জাকারিয়া।

ঢাকা নদীবন্দরের টোল আদায়কারী মো. রায়হান বলেন, সব ধরনের মালামাল ওজন দেওয়া সম্ভব নয়। তাই মালামাল দেখে অনুমান করেই টোল নির্ধারণ করা হয়। এই অনুমান উনিশ-বিশ হবে। এর বেশি পার্থক্য হবে না। তবে যাত্রীরা চাইলে ওজন দেওয়ার ব্যবস্থা করা হয়।