ওজন বাড়াতে বরফে গরুর মাংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরুর মাংসের ওজন বাড়িয়ে বিক্রির অভিনব কৌশল বের করছেন ব্যবসায়ীরা। ওজন বাড়াতে বরফে রাখা হচ্ছে মাংস। এরপর সেই মাংস ক্রেতাদের কাছে বিক্রি করছেন তাঁরা। রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে গতকাল শুক্রবার এমন ঘটনা ধরা পড়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে।
এ ছাড়া দাম বেশি রাখার কারণে একই বাজারের আটজন মুরগি ব্যবসায়ী ও চারজন মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে ১৬ জন মাংস ও মাছ ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার কর্মকর্তা মনিরুজ্জামানকে সঙ্গে নিয়ে হাতিরপুলের কাঁচাবাজারে এ অভিযান চালানো হয়। প্রায় আড়াই ঘণ্টার অভিযানে এই বাজার থেকে জব্দ করা হয়েছে ১০০ কেজি গরুর মাংস।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম প্রথম আলোকে বলেন, এই বাজারের তিন ব্যবসায়ী বরফ-ভর্তি কর্কশিটের বাক্সের ভেতর গরুর মাংস রাখতেন। বরফে রাখা হলে মাংস শক্ত হয় ও ওজন বৃদ্ধি পায়। এভাবে চার-পাঁচ দিন মাংস রেখে দেওয়া হতো। তাঁরা এই মাংস আবার সদ্য জবাই করা গরুর মাংসের সঙ্গে মিশিয়ে দিতেন। এভাবে সিটি করপোরেশনের নির্ধারিত মূল্য ৪২০ টাকায় বিক্রি করে বেশি লাভ করতেন এই তিন মাংস ব্যবসায়ী।
তবে বরফে না রাখলেও সিটি করপোরেশনের নির্ধারিত মূল্যের চেয়ে ৩০ টাকা বেশি রেখে ৬০০ টাকায় প্রতি কেজি খাসির মাংস বিক্রি করছিলেন হাতিরপুল বাজারের এক ব্যবসায়ী।
অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের তালিকার চেয়ে ১২৫ টাকা বেশিতে ৫০০ টাকা কেজি দরে দেশি এবং পাকিস্তানি কক জাতের মুরগি ২৬০ টাকার বদলে ৩০০ টাকায় বিক্রি করছিলেন বাজারের আট ব্যবসায়ী। এ ছাড়া রুই মাছের দাম প্রতি কেজি ৩০০ টাকা হলেও হাতিরপুল বাজারে তা বিক্রি হতো ৫৫০ টাকায়। এ জন্য এই বাজারের চারজন মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।