ওজনে কম চাল দেওয়ায় যুবলীগ নেতাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন যুবলীগের এক নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দরিদ্রদের ১০ টাকা কেজির চাল ওজনে কম দেওয়ায় আদালত তাঁকে এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত মো. মোশারফ হোসেন ওরফে ফয়সাল ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। তাঁর বাবা দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন ব্যাপারী। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী রায় এ জরিমানা করেন।

দক্ষিণ চর আবাবিল ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের কাছে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। শুক্রবার উদমারা এলাকায় গিয়ে ইউএনও দেখেন, ডিলারের দোকানে বসে মোশারফ চাল বিতরণ তদারক করছেন। এ সময় কার্ডধারীদের কম চাল দেওয়া হচ্ছিল। এ সময় ওই দোকানের ডিলার চরআবাবিল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন উপস্থিত ছিলেন না। এ সময় ঘটনাস্থল থেকে ফয়সালকে আটক করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়।

ইউএনও শিল্পী রানী রায় বলেন, চাল ওজনে কম দেওয়ায় আটক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাস্থলে ডিলারকে পাওয়া যায়নি। এ জন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।