ওজনে কম, ডিলারের অনুমোদন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগ​েঞ্জ ওজনে কম দেওয়ার অভিযোগে এক ডিলারের অনুমোদন বাতিল করা হয়েছে। গতকাল রোববার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওই অনুমোদন বাতিল করেন।

উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মধ্যপাড়া ওসমানপুর কেন্দ্রে ১০ টাকা কেজির চাল বিক্রির ডিলার হিসেবে নিয়োগ পান মিজানুর রহমান। গত শুক্রবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মকবুল হোসেন ওই কেন্দ্রে গিয়ে দেখেন ৩০ কেজিতে দেড় কেজি করে চাল কম দেওয়া হচ্ছে। পরে তিনি ডিলারের অনুমোদন বাতিল করেন।

মিজানুর বলেন, ‘শুক্রবার বেলা আড়াইটার দিকে চাল বিক্রি বন্ধ করে খাবার খেতে তদারকি কর্মকর্তা (উপসহকারী কৃষি কর্মকর্তা) তারিকুল ইসলামকে সঙ্গে নিয়ে হোটেলে যাই। এরই মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মকবুল কেন্দ্রে গিয়ে চাল বিক্রি শুরু করতে বলেন। আমার কর্মচারী আসাদুল ও ফয়জার ডিজিটাল বাটখারায় বালতিসহ ৩০ কেজি করে চাল ওজনের পর তিনজন হতদরিদ্রকে দেন। তাঁরা অজ্ঞতাবশত বালতির ওজন বাদ না দেওয়ায় ৩০ কেজি চালে দেড় কেজি করে কম হয়। আমি দুঃখ প্রকাশ করে ওই তিনজনকে ৩০ কেজি করে চাল মেপেও দিই। তবুও আমার ডিলারিশপ বাতিল করা হয়েছে।’