ওজনে কম দিতে ভারী ঠোঙা !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীতে ওজনে কম দেওয়ার অভিযোগে ফলের পাঁচ ব্যবসায়ীকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেন আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত এ পাঁচ ফল ব্যবসায়ী হলেন ঝিনাইগাতী সদরের শাহিন মিয়া, আয়নাল হক, নিজাম মিয়া, রেজাউল করিম ও ফরিদ মিয়া।

উপজেলা প্রশাসন ও আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝিনাইগাতী বাজারের কতিপয় ফল ব্যবসায়ী কাগজ ও পিচবোর্ড দিয়ে তৈরি ভারী ঠোঙায় ফল ভরে সুকৌশলে ওজনে কম দিয়ে গ্রাহকদের প্রতারিত করে আসছেন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী কর্মকর্তা ফল ব্যবসায়ীদের ওজনে কম দেওয়ার বিষয়টি হাতেনাতে ধরে ফেলেন। পরে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৮ ধারায় ফলের পাঁচ ব্যবসায়ীর প্রত্যেককে দেড় হাজার টাকা করে জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ হোসেন সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।