ওজনে কম দেওয়ার অভিযোগ
বগুড়ার শেরপুর পৌরসভায় দুস্থ ব্যক্তিদের নামে বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল বিতরণের সময় ওজনে কম দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভা চত্বরে এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে কার্ডধারী অন্তত ২০ জন দুস্থ নারী বলেন, প্রত্যেককে ২০ কেজি করে চাল দেওয়া হবে বলে সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড কাউন্সিলর ও তাঁদের লোকজন তাঁদের বাড়িতে চাল তোলার কার্ড পৌঁছে দেন। কিন্তু তাঁদের চাল দেওয়া হয় ১০ থেকে ১৫ কেজি করে। চালের পরিমাণ কম পাওয়ার বিষয়টি স্থানীয় কাউন্সিলরদের জানানো হলেও কোনো লাভ হয়নি।
শেরপুর পৌরসভার সচিব দিলীপ মহন্ত বলেন, রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এই পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১ জন দুস্থ মানুষের প্রত্যেকের জন্য ২০ কেজি করে মোট ৯২ দশমিক ৪২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। গতকাল সকাল থেকে পৌরসভার পাঁচটি ওয়ার্ডের (১, ৪, ৫, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর ও তদারককারী হিসেবে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আখতার বানুর উপস্থিতিতে দুস্থ ব্যক্তিদের মধ্যে এ চাল বিতরণ করা হয়। অবশিষ্ট ওয়ার্ডগুলোতে আগামী রোববারের মধ্যে বিতরণ করা হবে।
চাল বিতরণের সময় ৫ নম্বর ওয়ার্ডের কার্ডধারী দুস্থ নারী খাদিজা খাতুন বলেন, ২০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে তাঁর টিপ সই নিয়েছে। কিন্তু তাঁকে দেওয়া হয়েছে ১২ কেজি। শহরের ৮ নম্বর ওয়ার্ডের তিনজন দুস্থ নারী বলেন, এ চাল বিতরণের আগের দিন গত বুধবার পৌরসভা থেকে দুস্থ কার্ডধারীদের ২০ কেজি করে চাল দেওয়া হবে বলে মাইকে প্রচার করা হয়। কিন্তু চাল নিতে গেলে প্রত্যেককে দেওয়া হয় ১২ থেকে ১৫ কেজি করে।
বিতরণ নিয়ে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহেদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ডের সৌমেন্দ্রনাথ ঠাকুর ও ৭ নম্বর ওয়ার্ডের এ বি এম মোস্তাফিজুর রহমান বলেন, তাঁদের ওয়ার্ডে যতজন মোট দুস্থ মানুষ আছেন, কার্ড এসেছে তার চেয়ে কম। চাল বিতরণের সময় কার্ড ছাড়াও এলাকার অন্য দুস্থ ব্যক্তিরা চলে আসেন। এ কারণেই কার্ডধারীদের পরিমাণে কিছুটা কম চাল বিতরণ করা হয়েছে। তবে কার্ডধারী কেউ ১৫ কেজির কম চাল পাননি বলে তাঁরা দাবি করেন।
সহকারী শিক্ষা কর্মকর্তা আখতার বানু বলেন, পৌরসভায় এ চাল বিতরণের সংবাদ তাঁকে আগে জানানো হয়নি। গতকাল দুপুরে এ বিতরণের সংবাদ পেয়ে তিনি বিতরণস্থলে উপস্থিত হন।
এ প্রসঙ্গে শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা এ বিতরণ প্রক্রিয়ায় রয়েছেন। তবে ওজনে চাল কম দেওয়া প্রসঙ্গে কোনো দুস্থ ব্যক্তি তাঁকে অভিযোগ করেননি।