ওজাকির সঙ্গে নব্য জেএমবির সম্পর্ক নেই: মনিরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি নাগরিক মো. সাইফুল্লাহ ওজাকির সঙ্গে বাংলাদেশের নব্য জেএমবির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। 

সম্প্রতি একটি গণমাধ্যমে খবর বের হয় যে সাইফুল্লাহ ওজাকি বাংলাদেশে আইএস বা নব্য জেএমবির আমির। এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে মনিরুল ইসলাম এ তথ্য জানান।
মনিরুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের জনার্দন দেবনাথের ছেলে সুজিত কুমার দেবনাথই ধর্মান্তরিত হয়ে সাইফুল্লাহ ওজাকি নাম ধারণ করেছেন। ছাত্রজীবনে তিনি বৃত্তি পেয়ে জাপানে পড়াশোনা করতে যান। পিএইচডি ডিগ্রিধারী সাইফুল্লাহ জাপানের রিৎসুমেইকান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ছিলেন। বিয়েও করেন জাপানে। তাঁর তিন ছেলে ও এক মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে নিখোঁজ। ঢাকার উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় অন্যদের সঙ্গে সাইফুল্লাহ ওজাকিও আসামি।
মনিরুল ইসলাম বলেন, ২০১৫ সালে উত্তরা থেকে আমিনুল ইসলাম বেগকে গ্রেপ্তারের পর সাইফুল্লাহ ওজাকির নাম তাঁরা জানতে পারেন। তিনি কিছু লোককে এ দেশ থেকে সিরিয়ায় যেতে সহযোগিতা করেছিলেন বা সহযোগিতার চেষ্টা করেছিলেন।
কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান বলেন, ওজাকি ধর্মান্তরিত হওয়ার পর দুবার বাংলাদেশে আসেন। তবে বাড়িতে যাননি কখনো। গ্রামে তাঁর পরিবার কট্টরপন্থী হিন্দু হওয়ায় তিনি বাড়িতে গেলে হয়তো পরিবারটি নিরাপত্তাহীনতায় পড়ত, তাই তিনি কখনো বাড়ি যাননি। তিনি আরও বলেন, ওজাকির সর্বশেষ অবস্থানের খবর বুলগেরিয়া থেকে পাওয়া যায়। এরপর সে কোথায় গেছে, তা আর জানা যায়নি। সে বেঁচে আছে কি না, তা-ও জানা সম্ভব হয়নি। মরেও যেতে পারে। কারও কাছে তো কোনো তথ্যপ্রমাণ নেই।