ওঝার কাণ্ডে সবাই বিরক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপের কামড়ে মৃত শিশুকে দাফনের প্রস্তুতি নিচ্ছিল সবাই। তখনই ওঝা এসে বলেন, ঝাড়ফুঁকে শিশুটি বেঁচে উঠবে। কিন্তু শিশুটির পরিবার ঝাড়ফুঁকে রাজি হয়নি। পরে এলাকাবাসীর পীড়াপীড়িতে রাজি হয়। তবে ২০ ঘণ্টার ঝাড়ফুঁকেও শিশুটি জেগে ওঠেনি। এতে এলাকাবাসী বিরক্ত হয়ে ওঠে। সুযোগ বুঝে ওঝাও একসময় কেটে পড়েন। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের সদর উপজেলার উত্তর বাগেশ্বর গ্রামে।
ওই ওঝা হলেন সদর উপজেলার সিপাহীপাড়ার সামসুল হক (৫৫)। সাপের কামড়ে মারা যাওয়া শিশুটির নাম আসওয়াত (২)। তার বাবার নাম মো. আলী দেওয়ান।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গত শনিবার সকাল নয়টার দিকে বাগেশ্বরে বাড়ির উঠানে আসওয়াত খেলছিল। হঠাৎ গর্ত থেকে একটি সাপ বের হয়ে শিশুটিকে কামড় দেয়। বিষয়টি বাড়ির লোকজন প্রত্যক্ষ করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে সাপটিকে ধরে ফেলে। তবে কিছুক্ষণের মধ্যেই শিশুটি মারা যায়। এরপর পরিবারের লোকজন শিশুটির দাফন-কাফনের ব্যবস্থা করে। বেলা ১১টার দিকে হঠাৎ ওঝা সামসুল হক এসে শিশুটিকে বাঁচিয়ে তোলার কথা বলে ঝাড়ফুঁক শুরু করেন।
প্রত্যক্ষদর্শী হাসানুল কবির বলেন, প্রথমে শিশুর মরদেহটি চাটাইয়ের ওপর রাখা হয়। এরপর লাশের শরীরে তেল দিয়ে মালিশ করা হয়। শুরু হয় ঝাড়ফুঁক। রাত ১০টার দিকে ওঝা বলেন, শিশুটির কিছুটা পরিবর্তন হয়েছে। কিছুক্ষণের মধ্যে জেগে উঠবে। এ কথা শুনে সেই দৃশ্য দেখার জন্য আশপাশের লোকজন ভিড় করে। কিন্তু রাত পেরিয়ে ভোর হলেও শিশুটি জেগে ওঠেনি। এ সময় ওঝা রংপুর থেকে ওষুধ আনার কথা বলে সবাইকে বসিয়ে রেখে এক ফাঁকে তিনি চলে যান।
আসওয়াতের বাবা মো. আলী দেওয়ান বলেন, ‘ওঝার বারবার আশ্বাস এবং এলাকার লোকজনেরও অনুরোধে ওঝার চিকিৎসায় রাজি হই। সেই আশা ব্যর্থ হলে ছেলেকে গতকাল রোববার সকালে দাফন করা হয়।’
জানতে চাইলে সদর উপজেলা স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা এহসানুল করিম প্রথম আলোকে জানান, ‘বিষধর সাপের কামড়ে কেউ মারা গেলে তাকে বাঁচিয়ে তোলা যায় না। এ ধরনের কোনো নজির নেই। ওঝা কী করে শিশুটিকে বাঁচিয়ে তোলার কথা বলল, এটা আমার বোধগম্য নয়।’