ওটি সহকারী যখন চক্ষু সার্জন!
চট্টগ্রামের ঈদগাঁ কাঁচা রাস্তার মুখেই একটি বহুতল আবাসিক ভবন। ভবনের দ্বিতীয় তলায় পপুলার কমিউনিটি চক্ষু হাসপাতাল। একটি কক্ষে তিনটি শয্যা। অপর কক্ষটি অস্ত্রোপচারের জন্য ব্যবহৃত হয়। একটি শয্যায় বসে আছেন সীতাকুণ্ড থেকে চোখের ছানি অস্ত্রোপচারের জন্য আসা এক বৃদ্ধা। তিনি এবং তাঁর সঙ্গে আসা ছেলে শামসুদ্দিন বিশ্বাসই করতে পারছেন না এটি একটি হাসপাতাল।
শামসুদ্দিন বলেন, ‘হারুন খান নামে এক ডাক্তার সীতাকুণ্ড থেকে এখানে অপারেশনের জন্য পাঠিয়েছেন। ডা. বাবুল আক্তার নামে একজন নাকি অপারেশন করবেন। এ জন্য ১৫ হাজার টাকা লাগবে বলে বলেছেন। কিন্তু এখানে এসে দেখি এটি একটি বাসা। একটি ছেলে
ছাড়া কেউ নেই। ডাক্তার নাকি বিকেলে আসবেন। এখন ভাবছি চলে যাব।’
বাবুল আক্তার নিজেই এই অনুমোদনহীন হাসপাতালের মালিক। কোনো এমবিবিএস ডিগ্রি না থাকলেও তিনি এখন রীতিমতো চক্ষু সার্জন। একসময় পাহাড়তলী চক্ষু হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের সহকারী (মেডিকেল সহকারী) ছিলেন এই বাবুল আক্তার। এখন তিনি নিজেরটিসহ বিভিন্ন অনুমোদনহীন হাসপাতালে অস্ত্রোপচার করে বেড়ান।
রোগী সেজে গত জুন মাসে হালিশহর সবুজবাগ এলাকার চট্টগ্রাম আই কেয়ার হাসপাতালের এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক সাইফুল ইসলামের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। সাইফুল ইসলাম ফোনে তখন বলেন, ‘আপনি অস্ত্রোপচার করতে রেডি হয়ে চলে আসুন। অস্ত্রোপচার আমি করব নয়তো বাবুল সাহেব (বাবুল আক্তার) করবেন। আমরা দুজনই অস্ত্রোপচার করে থাকি।’
বাবুল আক্তার ঘুরে ঘুরে অস্ত্রোপচার করে থাকেন। গত বুধবার সরেজমিনে চট্টগ্রাম আই কেয়ার হাসপাতালে গেলে সামনাসামনি কথা হয় ডা. সাইফুল ইসলামের সঙ্গে। তিনি তখন এই প্রতিবেদকের কাছে বাবুল আক্তারের অস্ত্রোপচারের বিষয়টি স্বীকার করেন।
সাইফুল ইসলাম বলেন, ‘বাবুল আক্তারকে চট্টগ্রামের অনেক বড় বড় চিকিৎসক অপারেশন করার জন্য ভাড়া করে নিয়ে যান। তিনি এখানেও কিছু অপারেশন করেন। সঙ্গে তখন আমি থাকি। তবে আমি সার্জন নই। বাবুলের মতো এ রকম আরও অনেকে আছেন।’
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মো. বাবুল আক্তার বলেন, ‘আমরা এমবিবিএস ডাক্তার কিংবা সার্জনদের সঙ্গে নিয়ে কাজ করি। অপারেশন করতে করতে আমাদের কিছুটা অভিজ্ঞতা হয়েছে। অনেক সার্জন আমাদের সঙ্গে নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই আমি আমার হাসপাতাল ছাড়াও আরও দু-একটিতে ডাক পেলে গিয়ে কাজ করি।’
অনুমোদনহীন চক্ষু হাসপাতাল: নগরের সবুজবাগে চট্টগ্রাম আই কেয়ার হাসপাতালটি একটি আবাসিক ভবনের নিচতলায় তিনটি কক্ষজুড়ে গড়ে উঠেছে। একই হাসপাতালের অপর একটি শাখা কদমতলী শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় আছে। কোনোটিরই অনুমোদন নেই।
অনুমোদন না থাকার কথা স্বীকার করে হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা অনুমোদনের জন্য আবেদন করেছি। এখানে মূলত বহির্বিভাগের চক্ষু চিকিৎসা করা হয়। মাঝেমধ্যে ছানি অপারেশন করা হয়।’
এ বিষয়ে জেলা সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেন, ‘যেগুলো মান অনুযায়ী হয়নি, তাদের আমরা অনুমোদন দেয়নি। এসব চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’