ওদের অপরাধ কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় শরীরের এক-তৃতীয়াংশ পুড়ে গেছে আবুল কালামের। সন্তানের সুস্থতা কামনায় সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ জানাচ্ছেন মা। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে l ছবি: প্রথম আলো
দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় শরীরের এক-তৃতীয়াংশ পুড়ে গেছে আবুল কালামের। সন্তানের সুস্থতা কামনায় সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ জানাচ্ছেন মা। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে l ছবি: প্রথম আলো

গাড়িচালক আবুল কালামের বাড়ি বরিশালের আগৈলঝাড়ায়। গ্রামের বাড়িতে থাকেন স্ত্রী, মা, দুই ভাই। তাঁদের পুরো খরচ তাঁকেই চালাতে হয়। কিন্তু গত শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটনে প্রাইভেট কারে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। 
গতকাল শনিবার বার্ন ইউনিটে আবুল কালামের মা বৃদ্ধা শাফিয়া বেগম বিলাপ করে প্রথম আলোকে বলেন, ‘ছেলে রাজনীতি করে না, বোঝেও না। হ্যারপর ওরে এমনভাবে পোড়াইয়া দেল। ওর পাডানো ছয় হাজার টাহা দিয়ে পরিবারের চারজন এত দিন বাইচ্যা ছিলাম। এ্যাহন যে সব শ্যাষ অইয়া গেল।’
স্ত্রী ও সন্তানদের দেখতে গ্রামের বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তদের আগুনে পুড়ে বার্ন ইউনিটে কাতরাচ্ছেন রিকশাচালক অমূল্য চন্দ্র বর্মণ (৪৫)। গতকাল সকালে রাজধানীর ফার্মগেট ওভারব্রিজের কাছে দুর্বৃত্তরা যাত্রীবাহী একটি বাসে আগুন দিলে অমূল্য দগ্ধ হন।
বার্ন ইউনিটের চিকিৎসকেরা বলেছেন, কালামের শ্বাসনালি পুড়ে গেছে। তাঁর শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে, তাঁর অবস্থা সংকটাপন্ন। অমূল্যর মুখমণ্ডল ও হাত পুড়ে গেছে। তার অবস্থাও গুরুতর।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে গত পাঁচ দিনে দুর্বৃত্তদের দেওয়া আগুন, পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন মোট পাঁচজন। এর মধ্যে তিনজন ঢাকার বাইরে সহিংসতার শিকার হন। তারা হলেন ফেনীর এসএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম ওরফে অনীক, যশোরের বাসযাত্রী মুরাদ মোল্লা ও ময়মনসিংহের অটোরিকশাচালক সিদ্দিকুর রহমান।
গতকাল বিকেলে বার্ন ইউনিটের দোতলায় এইচডিইউ ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ওয়ার্ডের ১০ নম্বর বিছানায় হাত-পা ও শরীরে ব্যান্ডেজ নিয়ে প্রাইভেট কারের চালক আবুল কালাম প্রায় নিস্তেজ অবস্থায় পড়ে আছেন। ফোলা দুই চোখ মেলতে পারছেন না। ব্যান্ডেজ মোড়ানো দুই হাত ফিতা দিয়ে বেঁধে ওপরের দিকে তুলে রাখা হয়েছে। তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে।
কালাম অস্পষ্ট কণ্ঠে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইস্কাটনের সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে প্রাইভেট কার নিয়ে মালিকের জন্য অপেক্ষা করছিলেন তিনি। কয়েকজন দুর্বৃত্ত লািঠসোঁটা নিয়ে গাড়ির পেছনের কাচ ভেঙে ফেলে। এ সময় ভেতরে পেট্রলবোমা ছুড়ে মারলে তা গাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। চালকের আসন থেকে উঠে বের হওয়ার আগেই শরীরে আগুন ধরে যায়। এরপর আর কিছু মনে নেই।
কালামের মা শুক্রবার দিবাগত রাত দুইটায় খবর পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে হাসপাতালে এসেছেন। তিনি বলেন, কালামের বাবা অনেক আগে মারা গেছেন। তিন ছেলের মধ্যে কালাম দ্বিতীয়। অন্য দুই ভাই বেকার। বছর খানেক আগে কালাম বিয়ে করেছে। গ্রামে নিজেদের কোনো জমিও নেই। তিনি বিত্তবানদের কাছে ছেলের চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা করেন।
বার্ন ইউনিটের একই ওয়ার্ডে রিকশাচালক অমূল্য চন্দ্র বর্মণ পোড়াস্থলে ব্যান্ডেজ নিয়ে কাতরাচ্ছেন। জানালেন, তিনি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় রিকশা চালান, থাকেন পাশের সানারপাড় এলাকায়। তাঁর স্ত্রী ও তিন সন্তান পঞ্চগড়ের বোদায় থাকেন।
ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গতকাল সকালে তিনি গ্রামের বাড়িতে যাওয়ার জন্য গাবতলীর একটি বাসে ওঠেন। বাসটির পেছনের দিকের আসনে ছিলেন তিনি। ফার্মগেট ওভারব্রিজের কাছে পৌঁছালে যাত্রীরা ‘আগুন’ ‘আগুন’ বলে চিৎকার দেন। অন্যরা সবাই বাসের জানালা দিয়ে নেমে গেলেও তাঁর জ্যাকেটে আগুন ধরে যায়। এরপর তিনি কোনোমতো বাস থেকে বেরিয়ে অাসেন। তাঁর সঙ্গে থাকা লোকজন আগুন নেভান।
কান্নাজড়িত কণ্ঠে অমূল্য বলেন, ব্যাগে থাকা তাঁর কাপড়চোপড় ও এক হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, গ্রামের বাড়িতে তাঁর চাষের জমি নেই। রিকশা চালিয়ে প্রতি মাসে স্ত্রী ও সন্তানদের জন্য পাঁচ হাজার করে টাকা পাঠান। অনেক দিন তাদের দেখেন না বলে বাড়ি যাচ্ছিলেন। পরিবারের কী হবে উল্লেখ করে কেঁদে উঠলেন অমূল্য।