ওপরে আইনশৃঙ্খলা কমিটির সভা, নিচে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত সোমবার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা চলার সময় নিচ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। ওই মোটরসাইকেলটি উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আফজাল হোসেনের।

আফজাল হোসেন অভিযোগ করে বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। এ সময় তিনি মোটরসাইকেলটি কার্যালয়ের সামনে রেখে দ্বিতল ভবনে গিয়ে জানতে পারেন ইউএনও সেখানে আইনশৃঙ্খলা কমিটির সভা করছেন। এরপর তিনি নিচে নেমেই দেখেন মোটরসাইকেলটি নেই।

ইউএনওর কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউএনওর সভাকক্ষে সোমবার বেলা ১১টায় মাসিক আইনশৃঙ্খলা সভা শুরু হয়ে চলে বেলা একটা পর্যন্ত। ওই আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন ইউএনও কাজী আবেদা গুলশান। সভায় উপস্থিত ছিলেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান টুটুল চৌধুরী বলেন, তিন মাস আগেও আইনশৃঙ্খলা কমিটির সভার সময় লোহানীপাড়া আওয়ামী লীগের সহসভাপতি ও পানারহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদের মোটরসাইকেল চুরি হয়। গত ছয় মাসে উপজেলা পরিষদ চত্বর ও পৌরবাজার থেকে প্রায় ২০টি মোটরসাইকেল চুরি হয়। এ ছাড়া তিন মাসে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কৃষকের অন্তত ১০টি গরু চুরি হয়েছে। কিন্তু পুলিশ আজ পর্যন্ত চুরি যাওয়া মোটরসাইকেল ও গরু উদ্ধার করতে পারেনি।

এ ব্যাপারে ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, ‘উপজেলায় আইনশৃঙ্খলা ভালো রয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মোটরসাইকেল চুরি যাওয়ার খবর শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।’

এ ব্যাপারে ইউএনও কাজী আবেদা গুলশানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।