ওপরে ভেলা, নিচে চোরাই কাঠ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর বিজিবি সীমান্ত ফাঁড়িসংলগ্ন মনু নদীতে অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে।
গত শনিবার কলাগাছের ভেলার নিচে বেঁধে পাচার করার সময় বিজিবির সদস্যরা এগুলো উদ্ধার করে।
৪৬ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের অধীন চাতলাপুর সীমান্ত ফাঁড়ি সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত একটা থেকে ওই ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার মো. হযরত আলীর নেতৃত্বে বিজিবির সদস্যরা মনু নদীর বিভিন্ন স্থানে অভিযান চালান। গতকাল সকাল আটটায় তাঁরা মনু নদীতে ভেসে আসা কলাগাছের ভেলা আটকিয়ে তল্লাশি করেন। এ সময় কলাগাছের ভেলার নিচে বাঁধা অবস্থায় সেগুনগাছের ১২ ফুট লম্বা ৩০টি খণ্ড পাওয়া যায়। এসব খণ্ড দিয়ে প্রায় ৩০০ ঘনফুট সেগুন কাঠ হবে।
মো. হযরত আলী বলেন, উদ্ধার করা গাছের বাজারমূল্য ১০ লক্ষাধিক টাকা হবে।
শ্রীমঙ্গলের বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খান বলেন, তিনি শুক্রবার রাত একটায় সংবাদ পেয়ে রাত থেকেই অভিযান চালানোর নির্দেশ দিয়েছিলেন। অবশেষে কলাগাছের ভেলার নিচ থেকে সেগুন কাঠ উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা কাঠ জব্দ দেখিয়ে একটি মামলা দায়ের করা হবে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।