ওপরের নির্দেশেই বালু তোলা হচ্ছে?
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের দৌলতপুরে ধলেশ্বরী নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তোলা অব্যাহত রয়েছে। কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান জামানের নেতৃত্বে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এ বালু তুলছেন।
তবে এ বালু তোলা ওপরের নির্দেশেই হচ্ছে বলে দাবি করেছেন সোলায়মান জামান। তিনি বলেন, ‘এটা এমপি, মন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানেরা সবাই জানে। এখন কিছু বলার থাকলে বলেন।’
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক মাস ধরে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রলার ভর্তি করে চলছে বালু তোলার মহোৎসব। এলাকার লোকজন ভয়ে কোনো প্রতিবাদ করতে পারছেন না। কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও থানাকে ম্যানেজ করে নদী থেকে গড়ে প্রতিদিন তিন-চার লাখ টাকার বালু তোলা হচ্ছে। ওপরের নির্দেশে রুহিতপুর ইউনিয়ন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ নেতারা এসব কাজে জড়িত রয়েছেন বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের এক নেতা।
স্থানীয় লোকজন জানান, দৌলতপুরের ধলেশ্বরী নদীর মাঝখানের তলদেশে বালু না পাওয়ায় বালু উত্তোলনকারীরা ধীরে ধীরে নদীর পাড় ধরে দৌলতপুর গ্রামের দিকে যাওয়া শুরু করেছেন। এভাবে বালু তোলার কারণে আশপাশের বহু জমি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে কয়েক শ পরিবার জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। বালু তোলার ফলে হুমকির মধ্যে রয়েছে গোয়ালখালী ও দৌলতপুর গ্রামের কয়েক হাজার পরিবার ও ধলেশ্বরী নদীর ওপর থাকা তুলসীখালী সেতু। এই সেতু থেকে মাত্র ২০০-৩০০ গজ উত্তর-পশ্চিমে বালু তোলার ড্রেজার বসানো হয়েছে।
এ ঘটনায় গত ২৪ আগস্ট বালু উত্তোলনকারী ও গ্রামবাসীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এরপর বালু উত্তোলনকারী সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে যায়। সম্প্রতি তারা ড্রেজারের সংখ্যা বাড়িয়ে বালু উত্তোলন করছে। মূলত কেরানীগঞ্জ থেকে ক্ষমতাসীন দলের একটি সিন্ডিকেট এ ব্যবসা নিয়ন্ত্রণ করে। আর তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করলে হত্যা, চাঁদাবাজিসহ নানা হয়রানিমূলক মিথ্যা মামলার আসামি হতে হয়। দৌলতপুর এলাকার এক স্কুলশিক্ষক জানান, জীবনের ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না। অস্ত্রের মহড়া দিয়ে ভয় দেখিয়ে অবাধে বালু তোলা হচ্ছে। বালু কাটার সময় একটি বাহিনী ট্রলারে মহড়া দেয়।
নবাবগঞ্জের ইউএনও আলমগীর হোসেন বলেন, খুব শিগগির এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনের উচ্চপর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে।