ওভারটাইমের টাকা না দেওয়ায় নিরাপত্তা কর্মীদের প্রতিবাদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের রূপসী কমপ্লেক্সে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের ওভারটাইমের টাকা না দেওয়ায় তাঁরা গতকাল শনিবার প্রতিবাদ করেন। একপর্যায়ে তাঁরা প্রতিষ্ঠানের প্রধান নিরাপত্তা কর্মকর্তাসহ আটজনকে পিটিয়ে আহত করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন নিরাপত্তাকর্মী বলেন, এ কমপ্লেক্সে প্রায় ১৮০ জন নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করছেন। তাঁরা দুই মাস আগে সিটি গ্রুপের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মাজদার হোসেনের কাছে ওভারটাইমের টাকার জন্য আবেদন করেন। তবে তিনি নানা টালবাহানা শুরু করেন। এমনকি নিরাপত্তাকর্মীদের পাওনা ছুটিও বন্ধ করে দেন তিনি। এ নিয়ে নিরাপত্তাকর্মীরা তাঁর ওপর ক্ষুব্ধ হন। গতকাল সকালে সব নিরাপত্তাপ্রহরী মাজদার হোসেনের কাছে ওভারটাইমের টাকা দাবি করেন। এ সময় মাজদার তাঁদের সঙ্গে খারাপ আচরণ করলে নিরাপত্তাকর্মীরা এর তীব্র প্রতিবাদ জানান। একপর্যায়ে তাঁরা ক্ষিপ্ত হয়ে মাজদার হোসেন, রূপসী কমপ্লেক্সের সিকিউরিটি ইনচার্জ মেহেদী হাসান, কমান্ডার আল আমীন, নিরাপত্তা সদস্য সবুজসহ আটজনকে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সিটি গ্রুপের রূপসী কমপ্লেক্সের ডিজিএম (প্রশাসন) জাকির সরকার বলেন, ‘আমি নিরাপত্তাকর্মীদের ওভারটাইম দেব না—এমন কথা বলিনি। মাজদার হোসেন তাঁদের বোঝাতে ভুল করেছেন। তাই এসব ঘটনা ঘটেছে।’
রূপগঞ্জ থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু তাঁরা নিজেরা বিষয়টি মীমাংসা করবেন বলে আমাদের জানিয়েছেন।’