ওমানের বদলে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল পৌনে ১০টার ফ্লাইটে ওমান যাওয়ার কথা ছিল মোহাম্মদ মাসুদের (২৪)। ছিনতাইকারীর কবলে পড়ে যাওয়া হলো না তাঁর। ছুরিকাহত হয়ে চিকিৎসা নিয়েছেন তিনি ও তাঁর ভগ্নিপতি নাসিরুদ্দিন (৪৫)।
রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল শুক্রবার ভোরে ছিনতাইয়ের শিকার হন মাসুদ ও তাঁর ভগ্নিপতি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে তাঁরা এক আত্মীয়ের বাসায় উঠেছেন। তবে পাসপোর্ট ও বিমানের টিকিট রক্ষা পেয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, মাসুদ ও নাসিরুদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার গোপালপুরে। গতকাল সকাল পৌনে ১০টায় ওমানের ফ্লাইট ছিল মাসুদের।
নাসিরুদ্দিন জানান, মাসুদকে বিমানে তুলে দিতে তিনি তাঁকে নিয়ে গত বৃহস্পতিবার রাতে সেনবাগ থেকে যাত্রাবাড়ী আসেন। রাতে তাঁরা শহীদ ফারুক সড়কে পরিচিত এক ব্যক্তির দোকানে থাকেন। গতকাল ভোর পাঁচটার দিকে বিমানবন্দরে যাওয়ার জন্য গাড়ি খুঁজতে থাকেন। এ সময় সাত-আটজন যুবক তাঁদের ঘিরে ধরে। তাঁর বুকে ও পায়ে এবং মাসুদের পায়ে ছুরিকাঘাত করে ১০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও মালামালভর্তি লাগেজ নিয়ে দ্রুত চলে যায়। এরপর তাঁরা বিমানবন্দরে না গিয়ে চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে যান।