ওয়ান ব্যাংকের ডিএমডিসহ পাঁচজনকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনন্দ শিপইয়ার্ডের প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানের অংশ হিসেবে ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) পাঁচজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।
ব্যাংকটির ডিএমডি জোহরা বিবি ছাড়াও যেসব জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাঁরা হলেন রোজিনা আলিয়া আহমেদ, মো. আফতাব উদ্দিন খান, মো. আবু সালেহ ও জামিল হোসেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ২৬ জানুয়ারি তাঁদের তলব করে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর নোটিশ পাঠানো হয়।
একই বিষয়ে অনুসন্ধানে আগামীকাল মঙ্গলবার আরও ছয়জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এঁরা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসিফ মাহমুদ খান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহবুব হাসান, প্রিন্সিপাল অফিসার মো. আনিসুজ্জামান ও খালেদ আল ফেসানী, মতিঝিল শাখার ইনচার্জ মুজতাবা এম কাজমী ও অফিসার আবু সাহাদাত মো. সাহেদকে।
দুদক সূত্রে জানা গেছে, আনন্দ শিপইয়ার্ডকে ওয়ান ব্যাংকের মতিঝিল শাখা থেকে ১১৪ কোটি ২১ লাখ টাকা ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকটির এসব কর্মকর্তার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা বা কোনো না কোনোভাবে দায়দায়িত্ব ছিল। এ কারণে বক্তব্য জানতে তাঁদের তলব করা হয়েছে।
সূত্রটি আরও জানায়, জাহাজ রপ্তানির নামে ঋণ জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড দেশের ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এসব ঋণ দেওয়া হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এসব জাল-জালিয়াতির তথ্য বেরিয়ে আসে।
এ বিষয়ে অভিযোগ আমলে নিয়ে ২০১৪ সালের এপ্রিল মাসে অনুসন্ধান শুরু করে দুদক। সংস্থাটির উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল বিষয়টির অনুসন্ধান করছে।