ওয়ারীতে ওয়ার্ড যুবলীগ নেতা গুলিবিদ্ধ
রাজধানীর ওয়ারীতে গতকাল মঙ্গলবার রাতে দুর্বৃত্তের গুলিতে ৩১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান (৩২) আহত হয়েছেন। তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
জানতে চাইলে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা জানান, গুলির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গেছে। কী ঘটেছে তা এখনো জানা যায়নি।
হাসপাতাল সূত্র জানায়, ওয়ারী এলাকার নকশি রূপায়ণ লেনের একটি বাসায় পরিবার নিয়ে থাকেন আবদুল মান্নান। রাজনীতির পাশাপাশি তিনি একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পরিবেশক। গতকাল রাত সাড়ে ১০টার দিকে তিনি বন্ধু আলামিনকে সঙ্গে নিয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন। রিকশাটি বাসার সামনে পৌঁছালে গুলির ঘটনা ঘটে।
আবদুল মান্নানের স্ত্রী নুসরাত জাহান জানান, বাসার বাইরে গুলির শব্দ পেয়ে তিনি বারান্দায় যান। এ সময় বাসার সামনেই আলো-আঁধারিতে রিকশায় একজনকে ছটফট করতে দেখেন। আহত লোকটি তাঁর স্বামী বুঝতে পেরে তিনি দ্রুত নিচে নামেন। এ সময় বন্ধু আলামিন তাঁর সঙ্গে ছিলেন। পরে মান্নানকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকেরা জানান, মান্নানের মাথার পেছনে ও পেটে দুটি গুলি লেগেছে।
৩১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রাইসুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, পরিকল্পিতভাবে মান্নানকে গুলি করা হয়ে থাকতে পারে। তবে কেন তাঁকে গুলি করা হয়েছে, তা তিনি জানেন না বলে জানান।