ওয়ারীতে চোর সন্দেহে দুজনকে গণধোলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ওয়ারী থানা এলাকায় আজ শুক্রবার সন্ধ্যায় চোর সন্দেহে গণধোলাইয়ে মো. আলমগীর (৩৮) ও মো. জসিম (২৮) নামের দুই ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়ারী থানার পুলিশ জানায়, ওয়ারি থানার জজ মিয়ার গলি এলাকায় একটি বাড়ির তৃতীয় তলায় থাকেন ছয়জন চাকরিজীবী। সন্ধ্যা ছয়টার দিকে বাসায় কেউ ছিলেন না। বাসা ছিল তালাবদ্ধ। তখন আলমগীর ও জসিম তালা ভেঙে ভিতরে ঢুকে মালামাল লুট করতে থাকেন। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে তাঁদের ধরে গণধোলাই দেন। এরপর পুলিশের কাছে দুজনকে সোপর্দ করা হয়।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।