ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে গুলিবিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম অভিযোগ করেছেন, ওয়ার্ড কাউন্সিলর আবদুল বাসিতকে পুলিশ আসামি করেনি। অথচ তাঁর উপস্থিতিতে ওই কার্যালয়ে তিনি গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় গত বুধবার রাতে শফিকুল ছয়জনের নাম উল্লেখ করে মুগদা থানায় একটি মামলা করেন।
গত মঙ্গলবার রাতে মানিকনগর বিশ্বরোডে মিয়াজান লেনে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক শফিকুল গুলিবিদ্ধ হন। চাঁদাবাজি ও মাদক ব্যবসার দ্বন্দ্ব নিয়ে এ ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন ও পুলিশের ধারণা। বাসিত ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শফিকুল অভিযোগ করেন, কাউন্সিলর বাসিত ওরফে বাচ্চুকে তিনি আসামি করতে চাইলেও পুলিশ তা গ্রহণ করেনি। পুলিশ টাইপ করা কপিতে তার শুধু সই নিয়েছে। তিনি বলেন, বাসিতের কার্যালয়ে তাঁর উপস্থিতিতে এ হামলা হয়। এজাহারভুক্ত ছয় আসামি বাসিতের লোক। পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
মুগদা থানার ওসি ওমর ফারুক গতকাল মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে মামলার বাদীর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, শফিকুল তাঁর ইচ্ছামতোই আসামি করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন মো. মামুন (৩২), নিজাম (৩০), বাপ্পী (২৭), রাসেল (২৮), মোবারক (৫০) ও আলী গ্রুপের প্রধান আলী। এ ছাড়া অজ্ঞাত ২০-২৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।