রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঢাকা ওয়াসার উৎপাদিত বোতলজাত পানি ‘শান্তি’র ২০ লিটারের জারে বিশুদ্ধ (মিনারেল) পানির পরিবর্তে কাঁচা পানি ভরে বিক্রি করা হচ্ছে। এমনকি শান্তির ছোট বোতলগুলোতেও নকল পানি ভরে দেওয়া হচ্ছে। এ ধরনের কাজ করার দায়ে দুজনের ডিলারশিপ বাতিলও করা হয়েছে। ঢাকা ওয়াসা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
দুজনের ডিলারশিপ বাতিল করলেও বিশুদ্ধ পানির বদলে যারা ওয়াসার জারে কাঁচা পানি বিক্রি করছে, তাদের রোধ করা হচ্ছে না। ওয়াসা বলছে, এদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শান্তির ২০ লিটারের জার ছাড়াও কোয়ার্টার, আধা, এক, দেড়, দুই ও পাঁচ লিটারের বোতল রয়েছে। ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ২০ লিটারের জারে পানি আগে থেকে ভরা থাকে না। ডিলাররা খালি বোতল নিয়ে গেলে তাৎক্ষণিকভাবে তা ভরে দেওয়া হয়। তবে বোতলের মুখে ছিপি ও প্লাস্টিকের মোড়ক লাগিয়ে দেওয়া হয়। মিরপুর ১০ নম্বরে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের বিপরীতে শান্তির কারখানা অবস্থিত। দাম ডিলারদের জন্য প্রতি বোতল ৩০ টাকা, সাধারণের জন্য ৪০ টাকা। কিন্তু খোদ কারওয়ান বাজারে ওয়াসা ভবনের নিচেই প্রতি জার পানি ৬০ টাকায় গ্রাহকের কাছে বিক্রি করা হচ্ছে।
ওয়াসার একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন ধরে শান্তি পানিতে গন্ধ পাওয়ার অভিযোগ করছেন গ্রাহকেরা। পরে অনুসন্ধানে জানা যায়, ২০ লিটারের বোতলে কিছু কিছু ডিলার প্রতারণা করছে। তারা ওয়াসার মিরপুরের কারখানা থেকে পানি না তুলে যেখান-সেখান থেকে টেপের পানি জারে ভরে বিক্রি করছে। এসব বোতলে অনেক সময় প্লাস্টিকের কভারও থাকে না। ডিলাররা দাবি করছে, বোতল গাড়িতে ওঠানামা করার সময় তা ছিঁড়ে গেছে।
পানি নিয়ে প্রতারণার দায়ে যে দুটি প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করা হয়েছে সেগুলো হলো টি আর এন্টারপ্রাইজ ও জেরিন এন্টারপ্রাইজ। আরও কয়েকজন ডিলারকে সতর্ক করে দেওয়া হয়েছে। টি আর এন্টারপ্রাইজ ও জেরিন এন্টারপ্রাইজের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
বোতলজাত পানির প্রকল্প ব্যবস্থাপক ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াহিদুল ইসলাম বলেন, যারা কাঁচা পানির ব্যবসা করে, তাদের রোধ করা কঠিন হচ্ছে। কমিটি করা হয়েছে। এদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে ওয়াসার এ বোতলজাত পানির কারখানা নির্মিত হয়। ২০০৬ সালের ৩০ জুলাই উদ্বোধনের পর সেপ্টেম্বরে এটি বাজারে আসে। কিন্তু চাহিদা থাকলেও ভোক্তারা ‘শান্তি’র নাগাল পান না। এখনো এটি বেসরকারি প্রতিষ্ঠানের উৎপাদিত পানির মতো সহজলভ্য নয়। এর মধ্যেও যাদের এই শান্তি পানির ওপর নির্ভরতা তৈরি হয়েছে, তারা এখন প্রতারণার শিকার হচ্ছে। ডিলারদের সরবরাহ করা কাঁচা পানি খেয়ে অনেক ভোক্তা পেটের পীড়াসহ নানা জটিলতায় ভুগছে। দীর্ঘদিনের এই ব্যর্থতার জন্য ওয়াসা কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব এবং ওয়াসারই কিছু লোকের দুর্নীতিকে দায়ী করা হচ্ছে।